কাপাসিয়ার এক কিলোমিটারে যান চলাচলে ‘বিশেষ’ নিষেধাজ্ঞা
যানজট নিরসনের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে সাফাইশ্রী মোড় পর্যন্ত ট্রাক-ট্রলিসহ কিছু যান চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞপ্তিতে বলেন, কাপাসিয়া থেকে গাজীপুর জেলা শহরে যাওয়ার জন্য অধিকাংশ যানবাহন এ পথটি ব্যবহার করে। এতে প্রতিনিয়তই যানজট লেগে থাকে। ফলে কাপাসিয়া বাসস্ট্যান্ড মোড় থেকে সাফাইশ্রী মোড় এলাকা পর্যন্ত প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।
“তাই ট্রাক, ড্রাম ট্রাক, ট্রলি, কভার্ড ভ্যান, টমটম, নসিমন জাতীয় যানবাহনগুলোকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিকল্প পথ বাইপাস সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
