রাজশাহীতে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে খুন
রাজশাহীতে বাকিতে সিরারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে রাজশাহী নগরের ভেড়িপাড়া মোড়ে এ ঘটনাঘটে বলে রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান জানান।
নিহত আদর আলী (৩৫) ভেড়িপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ভাই আব্দুল হান্নান বাদী হয়ে দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন পুলিশ জানায়।
ওসি বলেন, “ভেড়িপাড়া মোড়ে আদরের ছোট একটি পান-সিগারেটের দোকান আছে। বাকিতে সিগারেট না দেওয়ার জেরে সোমবার রাত ১২টার দিকে তার দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় আদরকে এলোপাতাড়ি মারধর করে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে আদরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসককেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে দর্পণ (৪৫) ও বাপ্পা (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
