২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে গারোদের সর্বস্বান্ত করার অভিযোগ

টাঙ্গাইলের মধুপুর বনের জমি উদ্ধারের নামে গারোদের সর্বস্বান্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2020, 08:54 PM

Updated : 10 Oct 2022, 07:24 PM

তবে বন বিভাগ বলছে, বন বিভাগের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জবরদখল হওয়া বনভূমি দখলমুক্ত করার কাজ চলছে।

মধুপুর জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নখরেট অভিযোগ করেন, “কয়েক দিন ধরে জমি উদ্ধারের নামে স্থানীয় গারোদের মাঠের ফসল ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযান চালাচ্ছে বন বিভাগ। উপজেলার আরণখোলা ইউনিয়নের আমতলী গ্রামে এরই মধ্যে ১০ গারো পরিবারের পাঁচ একর জমির আনারস, পেঁপে, আদা, হলুদ, কলা ধ্বংস করে দেওয়া হয়েছে।

“সোমবার শোলাকুড়ি ইউনিয়নের পেগামারীতে দরিদ্র বাসন্তী রেমার জীবিকার একমাত্র অবলম্বন কলাবাগানটিও কেটে উজাড় করে দিয়েছে বন বিভাগ। এ ঘটনায় সোমবার বিকেলে ক্ষুব্ধ গারো সম্প্রদায়ের লোকজন বন বিভাগের রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়।”

এ বিষয়ে টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক বলেন, “বনের জমি অবৈধ দখল থেকে মুক্ত করতে অভিযান চলছে। বনের জমি দখল করবে সেটা হতে দেওয়া যাবে না। তাই গত এক বছরে জবরদখল করে রাখা বনের জমির মধ্যে ১৫৭ একর এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। এর আগে তাদের বহুবার মৌখিকভাবে বলা হয়েছিল, তারা যেন বনের জমি দখল করে কলা চাষ না করে। কিন্তু তারা শোনেনি। তাই এই অভিযান পরিচালনা করা হয়েছে।”