২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ভিডিও গেমসে আসক্তি নিয়ে উদ্বেগ

টাঙ্গাইলে কিশোর-তরুণরা ভিডিও গেমস খেলায় আসক্ত হয়ে পড়ার কথা জানিয়ে অনেক শিক্ষক-অভিভাবক উদ্বেগ জানিয়েছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

এম এ রাজ্জাক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2020, 07:03 PM

Updated : 10 Oct 2022, 07:24 PM

এলেঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজমুল করিম বলেন, “জেলার বিভন্ন এলকায় মোবাইল ফোনে গ্রুপ গেমস খেলার প্রবণতা মহামারি আকার ধারণ করেছে।

“অনেক শিক্ষার্থীই পড়ার টেবিল ছেড়ে খেলছে মোবাইল গেমস। কখনও ইন্টারনেটের খারাপ সাইটে বিভিন্ন ছবি দেখছে। এতে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এতে অপরাধ প্রবণতা বাড়তে পারে। শিক্ষার্থীদের মা-বাবাসহ সমাজের সবারই খেয়াল রাখতে হবে, যেন তারা মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার না করতে পারে।”

সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর বাসস্ট্যান্ড এলাকায় ‘মুহাম্মদের চায়ের দোকান’ নামে পরিচিত একটি দোকানে বসে চা খাচ্ছিলেন আনুমানিক ৬৫ বছরের এক ব্যক্তি।

নিজেকে তিনি আব্দুর রহিম নামে পরিচয় দিয়ে জানান তার উদ্বেগের কথা।

তিনি বলেন, “মার! মার! ধর! ধর! গুলি কর! গুলি কর! গ্রেনেড মার!—এই সব কতা হুইনাই ঘুম থিকা লাফ দিয়া উঠছি। তহন রাইত আনুমান একটা-দেড়টা হহারে। উইঠাই হুনি গুলাগুলির শব্দ আর চিল্লানি। ভালামতে কান ফালাইয়া হুনি আমার ঘরের পাশের রুম থিকা এবা শব্দ আইতাছে। যাইয়া দেহি নাতিনের হাতে মোবাইল। নাতিন হবায় হাইস্কুলে পড়ে। তারে কইলাম, কিরে? কারে কছ গুলি করবার? নাতিন হাইসা দিয়া কয়, দাদা তুমি বুঝবা না, মোবাইলে গেম খেলতাছি। তারপর থিকা মেলা বুঝাইতাছি। মানেই না। হারাদিন মোবাইল টিপে আর এন্নাই কয়। কী যুগ আইলো!”

জেলার বিভিন্ন জায়গায়, রাস্তায়, অলিতে-গলিতে দলবেঁধে মোবাইল ফোনে ভিডিও গেম খেলতে দেখা যাচ্ছে বলে জান রূপালী ব্যাংকের টাঙ্গাইল করপোরেট শাখা এজিএম মো. শাসছুল আলম।

তিনি বলেন, “রোববার সকাল ১০টার দিকে দেখি দলবেঁধে সন্ত্রাসীদের ভাষায় ভয়ানক কথা বলছে আর মোবাইল টিপছে স্কুল-কলেজ পড়ুয়া অন্তত ১০ জন। ভয় আর কৌতূহল নিয়ে তাদের কাছে দিয়ে দেখা যায়, মোবাইলে তারা গেমস খেলছে। আর বলছে, তারাতাড়ি গুলি কর! মাইরা ফালা!”

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই অলস সময় কাটাতে শিক্ষার্থীরা মোবাইলে ভিডিও গেমসের প্রতি আসক্ত হচ্ছে বলে জানিয়েছে অনেক শিক্ষার্থী।

হেলাল নামে একজন কলেজ ছাত্র বলেন, “গেমস সম্পর্কে কিছু জানতাম না। এখন নিয়মিত ফ্রি ফায়ার গেমস খেলার নেশা হয়ে গেছে। মাঝেমধ্যে নেট সমস্যায় এ গেমস খেলতে না পারলে মোবাইল ফোন ভেঙে ফেলার ইচ্ছা হয়। ফ্রি ফায়ার গেমস যে একবার খেলবে সে আর ছাড়তে পারবে না।”

ফ্রি ফায়ার গেমসকে যেকোনো নেশার চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন জেলার কালিহাতী উপজেলার রাজাবাড়ী লুৎফর রহমান মতিন কলেজ ও এলেঙ্গা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা।

তিনি বলেন, “এই সমস্যা থেকে আমাদের সন্তান, ভাই-বোনদের বাঁচাতে হলে অভিভাবকদের পাশাপাশি সমাজের সচেতন মহল, শিক্ষকসহ, সাংবাদিক, জনপ্রতিনিধি আর প্রশাসনকে এগিয়ে আসতে হবে।”

অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে এসব গেম খেলা হয়। এতে চোখের কিছুটা হলেও ক্ষতি হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম সজীব।

তিনি বলেন, “ইদানী অনেক শিক্ষার্থীকে চোখের রোগ নিয়ে চিকিৎসা নিতে আসতে দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন না দিলে তারা চোখসহ নানা রোগ থেকে অনেকটাই রেহাই পাবেন।”