২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে বিস্ফোরণ, সরকার অনিয়মে পদক্ষেপ নেয়নি কেন প্রশ্ন রাব্বির

বিস্ফোরণের পর মসজিদ নির্মাণে অনিয়ম এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলায় কেন সরকার আগে ব্যবস্থা নেয়নি জানতে চেয়েছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতা রফিউর রাব্বি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2020, 07:35 PM

Updated : 25 Jul 2022, 07:05 PM

শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনার বিচার চেয়ে করা এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

নাগরিক কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংস্কৃতিক সংগঠক রফিউর রাব্বি বলেন, “রাষ্ট্রের অনিয়ম অব্যবস্থা ও অবহেলা জনিত কারণে সংগঠিত ঘটনাকে কোনোভাবেই দুর্ঘটনা বলা যাবে না। আজকে মসজিদ নির্মাণে অনিয়মের যে প্রশ্ন সরকারের মন্ত্রীরা হাজির করছেন, এর অর্থ হচ্ছে সরকারকে তার অপরাধ ও দায় থেকে মুক্তি দেওয়া।

“মসজিদ নির্মাণে ত্রুটি থাকতে পারে; আমাদের দেশের অধিকাংশ মসজিদই সব নিয়ম মেনে তৈরি হয় না। আর এ সত্যটা নারায়ণগঞ্জের মসজিদের মর্মান্তিক ঘটনার পর সরকার জানতে পারল ব্যাপারটি এমন নয়।

“কিন্তু এ বিষয়ে সরকার দেশের কোথাও কোনো পদক্ষেপ কেন নেয়নি?”

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষ দগ্ধ হন। এরইমধ্যে তাদের মধ্যে এক শিশু, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্তত ৩১ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকিদের অবস্থাও সঙ্কটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে সভা থেকে এ ঘটনায় সরকারকে হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার এবং বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত দাবি জানান তারা।

এবি সিদ্দিক বলেন, তিতাসের দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি। হাজার হাজার অবৈধ সংযোগ দিয়ে তারা টাকা হাতিয়ে নিচ্ছে। শত শত কোটি টাকা থেকে সরকার বঞ্চিত হচ্ছে।

“আমাদের নারায়ণগঞ্জেই কয়েক লাখ মিটারের অবৈধ সংযোগ রয়েছে।”

এ বিষয়ে এখনই সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংগঠনের সদস্য জহিরুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবি জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের মহানগরের সহসভাপতি গোবিন্দ সাহা, নারী সংগঠক পপি রাণী সরকার।