২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই অভিযোগ, মামলার জালে ‘ওসি’ প্রদীপ

কথিত বন্দুকযুদ্ধে হত্যার অভিযোগে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৫৬ জনের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযোগ দায়ের হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2020, 08:30 PM

Updated : 18 Aug 2022, 03:45 PM

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ-৩ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে এ দুই অভিযোগ দায়ের হয়েছে বলে জানান উভয় মামলায় বাদীপক্ষের আইনজীবী আবু মুসা মুহাম্মদ।

দুই মামলায় আসামিদের মধ্যে ৪৬ জন পুলিশ সদস্য এবং অন্য ১০ জন টেকনাফের স্থানীয় বাসিন্দা।

এ নিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে ১২টি এবং ফরিদুল মোস্তফা খান নামের এক সাংবাদিককে নির্যাতনের অভিযোগে একটি মামলা হল।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে গত ৫ অগাস্ট কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালতে নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে আলোচিত ওসি প্রদীপের বিরুদ্ধে একের পর এক হত্যা ও নির্যাতনের অভিযোগ উত্থাপিত হচ্ছে।

গত বৃহস্পতিবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়ার নজির আহমদের ছেলে মো. সেলিম বাদী হয়ে একটি এবং বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার অলি চানের ছেলে নুরুল আমিন বাদী হয়ে আরেকটি অভিযোগ দায়ের করেন।

মামলা দুইটিতে বাদীর আইনজীবী আবু মুসা মুহাম্মদ বলেন, “মামলা দুইটি আমলে নিয়ে উভয় বন্দুকযুদ্ধের ঘটনায় করা মামলার নথিপত্রসহ ঘটনা তদন্ত করে আগামী ৯ নভেম্বর প্রতিবেদন জমা দিতে টেকনাফ থানা পুলিশকে আদেশ দিয়েছে আদালত।”

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন আব্দুল আমিন নামের এক ব্যক্তি।

এ ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ৩৮ জনের বিরুদ্ধে নিহত আব্দুল আমিনের ভাই নুরুল আমিন বাদী হয়ে আদালতে অভিযোগ করেছেন। এতে আসামিদের মধ্যে ৩০ জন পুলিশ সদস্য এবং আট জন টেকনাফের স্থানীয় বাসিন্দা।

মামলার বাদী নুরুল আমিন বলেন, আব্দুল আমিন মৌসুমী খুচরা সুপারী ও মৎস্য ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। মামলার আসামিরা পরস্পর যোগসাজশে তার কাছ থেকে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এ চাঁদা দিতে অস্বীকার করায় আব্দুল আমিনকে গত ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর সকালে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

“এরপর আব্দুল আমিনকে ১০ দিন থানায় আটকে রেখে পুলিশ শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরিবারের স্বজনরা পুলিশের কাছে ৫০ হাজার প্রদান করে। কিন্তু বাকি টাকা না দেওয়া স্বজনদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়।”

বাদী বলেন, “দাবি করা বাকি টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। গত ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর রাতে আব্দুল আমিনকে থানা থেকে বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালীর পাহাড়ী এলাকায় নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে।”

এ আদালতে দায়ের করা অভিযোগের আসামিরা হলেন, এএসআই মো. হাবিবুল্লাহ, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আজিজ উল্লাহ, উত্তর শিলখালীর মো. সোলাইমানের ছেলে আবছার উদ্দিন, আব্দুর রশিদের ছেলে মো. কামাল, হেদায়েতুর রহমানের ছেলে নুর আহমদ, আলী হোছাইনের ছেলে জসিম উদ্দিন, সুলতান আহমদের ছেলে শামশুল হুদা, ছেবর আহমদের ছেলে মো. শামশুউদ্দিন, মতিউর রহমানের ছেলে আলী হোছাইন, টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা, এসআই রাসেল আহমদ, এসআই মশিউর রহমান, এসআই সুজিত চন্দ্র দে, এসআই মো. বাবুল, এসআই মনসুর মিয়া, এসআই সাব্বির আহমদ, এসআই নাজিম উদ্দিন, এসআই মাঈন উদ্দিন, এসআই আমির হোসেন, এসআই  মিশকাত উদ্দিন, এসআই সঞ্জিব দত্ত, এসআই মিঠুন কুমার ভৌমিক, এসআই রামধন চন্দ্র দাশ, এসআই নিজাম উদ্দিন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন, কনস্টেবল রাশেদুল ইসলাম, কনস্টেবল হেলাল উদ্দিন, কনস্টেবল ওমর ফারুক, কনস্টেবল মংচিং প্রু চাক, কনস্টেবল সেকান্দর আলী, কনস্টেবল কনস্টেবল মহিউদ্দিন, কনস্টেবল আব্দুর শুক্কুর, কনস্টেবল হেলাল উদ্দিন, এএসআই জহিরুল ইসলাম, কনস্টেবল রফিকুল ইসলাম, কনস্টেবল আব্দুল মোমিন এবং কনস্টেবল জামশেদ আহমদ।

গত ২০১৯ সালের ১৪ জুলাই রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মফিদ আলম নামের এক যুবক নিহত হন।

এ ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপসহ ১৮ জনকে আসামি করে নিহত মফিদ আলমের ভাই মো. সেলিম বাদী হয়ে আদালতে অভিযোগ দায়ের করেন। এতে ১৮ জন আসামির মধ্যে ১৬ জন পুলিশ সদস্য এবং অন্য দুইজন টেকনাফের স্থানীয় বাসিন্দা।

মামলার বাদী মো. সেলিম বলেন, মফিদ আলম মৎস্য ও লবণ ব্যবসার পাশাপাশি সরকারি ন্যায্য মূল্যের সার ও চালের ডিলার ছিলেন। আসামিরা পরস্পর যোগসাজশ করে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে মফিদ আলমকে ক্রসফায়ারের হুমতি দিতেন।

“গত ২০১৯ সালের ১১ জুলাই সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া মসজিদের সামনে থেকে পুলিশ মফিদ আলমকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাকে ছাড়িয়ে নিতে পরিবারের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। কিন্তু স্বজনরা ছয় লাখ টাকা পুলিশকে প্রদান করলেও তাকে ছেড়ে দেয়নি।”

বাদী বলেন, “পুলিশের দাবি করা বাকি টাকা প্রদান না করায় গত ২০১৯ সালের ১৪ জুলাই রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালিয়া পাড়ার পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে মফিদ আলমকে হত্যা করে।”

এ ঘটনায় আদালতে দায়ের অভিযোগে আসামি করা হয়েছে, টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই মো. বোরহান উদ্দিন, টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, সাবেক পরিদর্শক রকিবুল ইসলাম খান, এএসআই মো. অহিদ উল্লাহ, হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকার মনিরুজ্জামান সিকদারের ছেলে হারুনুর রশিদ সিকদার, একই ইউনিয়নের নয়াপাড়ার জালাল আহমদের মেয়ে মর্জিনা বেগম, এএসআই সঞ্জিত দত্ত, কনস্টেবল রয়েল বড়ুয়া, কনস্টেবল মো. আজিজ, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল মো. মহিউদ্দিন, কনস্টেবল আব্দুল শুক্কুর, কনস্টেবল রুবেল মিয়া, কনস্টেবল হাবিবুর রহমান, কনস্টেবল মনির আহমদ, কনস্টেবল সজীব সরকার এবং কনস্টেবল মো. মেহেদী হাসান। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।