ফেনীর জেলা পরিষদ চেয়ারম্যান আর নেই
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী মারা গেছেন।
তার ছোট ছেলে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে ফেনী ডায়াবেটিক হাসপাতালে রোববার রাতে তার বাবা মারা যান।
মৃত্যুকালে আজিজ আহম্মদ চৌধুরীর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনি রেখে গেছেন।
সোমবার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের হাসানপুর চৌধুরী বাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে আজিজ আহম্মদকে দাফন করা হবে।
রাজীব জানান, আজিজ আহম্মদ চৌধুরী ১৯৩৯ সালের ২ মার্চ ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের হাসানপুর চৌধুরী বাড়ীর সুলতান আহম্মদ চৌধুরী ও আজিজের নেছা চৌধুরানীর ঘরে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন এবং এর কিছুদিন পর রাজনীতি আর সমাজসেবায় সক্রিয় হন।
আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিক আজিজ আহম্মদ চৌধুরী ১৯৬৪ সালে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান। এক দর্শক পর ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৭৯ থেকে ৮৪ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ৮৪ সাল থেকে ৯৯ সাল পর্যন্ত সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবুল কাশেম মারা যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হন আজিজ আহম্মদ চৌধুরী। ২০১২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মনোনীত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আজিজ আহম্মদ চৌধুরী ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ২৫ বছর তিনি আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের পর জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করলে তিনি ফেনী জেলা পরিষদ প্রশাসক নিয়োগ পান। পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে জয় লাভ করেন।
