ভাত নিয়ে ছেলেদের জন্য অপেক্ষা আর ফুরাবে না পারুলের
তিন সন্তান রাতে নামাজ পড়তে একসঙ্গে গিয়েছিল মসজিদে। যাওয়ার আগে বলে গিয়েছিল, মা ভাত বেড়ে রাখ, এসে খাব। তাদের একজন বাড়ি ফিরলেও কলেজপড়ুয়া দুই ছেলের আর মায়ের হাতের ভাত খাওয়া হয়নি।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কর্মচারী স্বামী নুরুউদ্দিন মুন্সীর সামান্য উপার্জনে সংসারের খরচ মেটাতেই কষ্ট হতো। তাই পারুল মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরান পড়া শিখিয়ে দুই ছেলের লেখাপড়ার খরচ যোগাতেন। পরম আদরের সন্তানদের হারিয়ে শোকের পাথরচাপা মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
শোকাহত পারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ভাই মিলে এশার নামাজ আদায় করতে মসজিদে যায়। ছোট ছেলে ইয়াসিন ফরজ নামাজ পড়ে বাড়িতে এসে জানায়, মসজিদে বিকট শব্দ ও ধোঁয়া দেখেছে।
“আমি ওর বাবাকে ফোন করে ওদের খোঁজ নিতে বলি। এলাকার লোকজনের কাছ থেকে খবর পাই, মসজিদে বিস্ফোরণে অনেকে দগ্ধ হয়েছেন। আমার দুই ছেলেকেও ঢাকায় নিয়ে গেছে।“
বলতে বলতেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি; কিছুক্ষণ পর নিজেকে সংবরণ করে দুই সন্তানের স্মৃতিচারণ করেন পারুল।
তিনি বলেন, সাব্বির নারায়ণগঞ্জ কলেজে স্নাতক তৃতীয় বর্ষ ও তার ছোট জোবায়ের সরকারি তোলারাম কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিল। দুই ছেলেই পড়াশোনায় খুব ভালো ছিল। তারা নিয়মিত মসজিদে নামাজ পড়ত।
নুরুউদ্দিন-পারুল দম্পতি বলেন, তাদের কষ্ট দেখে দুই ছেলে প্রায়ই বলতেন, তারা বড় হয়ে লেখাপড়া শেষ করে চাকরি করে তাদের সব দুঃখ-কষ্ট দূর করে দেবে, সংসারের হাল ধরবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হলো না।
আহাজারি করতে করতে তাদের বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চোখের সামনে আমার ছেলে দুটি পুড়ে মারা গেল। আগুনে পুড়ে কষ্ট পেয়ে আমার বাবা দুজন মারা গেছেন। আমরা ইচ্ছা ছিল যত কষ্টই হোক আমার ছেলে দুটিকে মানুষ করব, ওদের নিয়ে অনেক স্বপ্ন ছিল। আমি চাই না আমার মতো অন্য কোন বাবা-মায়ের কোল খালি হোক।“
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদ।
প্রতিবেশীরা জানান, সাব্বির ও জোবায়ের দুই ভাই খুবই ভালো ছিল। অনেক কষ্ট করে তাদের বাবা-মা মানুষ করছিলেন। প্রেস ক্লাবের চাকরির সঙ্গে রিকশা চালিয়ে ও দিনমজুরিও করেছেন নুরুদ্দিন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নুরুদ্দিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে চেয়েছেন সন্তানকে মানুষ করতে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক।
গত শুক্রবার শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে দ্গ্ধ হয়ে পারুল বেগমের ছেলে সাব্বির মুন্সী ও জোবায়ের মুন্সীর মৃত্যু হয়। ওই ঘটনায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক।
মসজিদের ইমাম আব্দুল মালেকের রক্তমাখা পাঞ্জাবি পরে তার জানাজা পড়িয়েছেন ছোট ছেলে ফাহিম হোসেন। তার আগে বাবার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
পশ্চিম তল্লা বোম ওয়ালা বাড়ির বাসিন্দা রুবেল হোসেনের দুই বোন জামাই পোশাক কারখানার সুইং অপারেটর ঈমান হোসেন (৩০) ও গাড়িচালক আমজাদ আলীও (২৯) দ্বগ্ধ হয়ে মারা যান।
সাত বছরের ছেলে ইব্রাহিমকে নিয়ে ঈমানের স্ত্রী মুক্তা বেগম এবং ৬ বছর বয়সী মেয়ে রায়সাকে নিয়ে আমজাদের স্ত্রী মৌটুসি বেগমের আহাজারি আর থামছেই না।
দুই বোন জামাইকে হারিয়ে শোকাহত ও দিশাহারা রুবেল বলেন, তিনি দোকানে বসা ছিলেন। এক ছেলে রক্তমাখা কাপড়ে দৌড়ে এসে জানায় মসজিদে বিস্ফোরণ হয়েছে। তিনি দৌড়ে গিয়ে দেখেন তার দুই বোন জামাই অগ্নিদগ্ধ হয়েছেন। বড় বোনের স্বামী ঈমানের গায়ের কাপড় সব পুড়ে গেছে।
আমজাদের ছোট্ট মেয়ে রায়সা বাবার জন্য কান্নাকাটি করছে। তার স্ত্রী মৌটুসী কান্নায় ভেঙে পড়ে স্বামীর জন্য আহাজারি করছেন।
ছেলে ইব্রাহিমকে কোলে নিয়ে মুক্তা বেগম বলেন, দুঃখ-কষ্টে থাকলেও ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ইমানের। অনেক আদর করতে ছেলেকে। বাবাকে দেখলে দৌড়ে গিয়ে কোলে উঠে। বাবাকে পেলে আর কাউকে চেনে না।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অর্ধশতাধিক দ্বগ্ধ হয়। এর মধ্যে রোববার ভোর পর্যন্ত এক শিশু ও মসজিদের ইমামসহ ২৪ জনের মৃত্যু হয়।
বিস্ফোরণে মসজিদের ছয়টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) জ্বলে পুড়ে গেছে; জানালার কাঁচ উড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে প্রাথমিকভাবে মনে করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা।
এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশনের পৃথক পাঁচটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
