২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব জেলায় বার্ন ইউনিট চান জাফরুল্লাহ চৌধুরী

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ২৪ জন প্রাণ হারানোর পর জেলার হাসপাতালগুলোয় বার্ন ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2020, 09:16 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

রোববার দুপুরে নারায়গঞ্জে শহরের পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণস্থল বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শনে এসে সাংবাদিকদের মাধ্যমে এ দাবি জানান তিনি।

এত মৃত্যুকে স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা দাবি করে তিনি জানান, দেশের প্রত্যেক জেলা হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন ‘কিন্তু খুব সোজা কাজ এবং এর খরচও বেশি না।’

“দুই দিনেই যেকোনো চিকিৎসকে খুব ভালোভাবে ট্রেনিং দেওয়া যায়। আগামী এক মাসের মধ্যে ৬৪ জেলায় কম করে দুই জন চিকিৎসকে দুই থেকে তিন দিনের ট্রেনিং দিয়ে সেটা খুব সহজে করা যায়। প্রয়োজনে আমিও সরকারকে সহযোগিতা করব৷”

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে ২৪ জনের মৃত্যু ঘটেছে। ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১৩ জনের অবস্থাও শঙ্কামুক্ত নয়।

শুরুতে এসি বিস্ফোরণের ধারণা করা হলেও এখন বলা হচ্ছে, গ্যাস পাইপের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘটনায় তিতাস গ্যাসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সুষ্ঠু তদন্ত এবং দোষিদের বিচারের দাবি জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “তিতাস গ্যাসের সম্পর্কে শুধু আলোচনা হবে, পরীক্ষা হবে এ সমস্ত আজগুবি কথা না বলে সাত দিনের মধ্যে একটা বিচার হওয়া উচিত। যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”