বন্যায় বিপর্যস্ত সিরাজগঞ্জের তাঁতিরা
করোনাভাইরাসের প্রভাবের মধ্যে বন্যায় কারখানায় পানি ঢুকে বিপর্যয়ের মুখে পড়েছেন সিরাজগঞ্জের তাঁতমালিক ও শ্রমিকরা।
প্রায় পাঁচ লাখ মানুষ এই সমস্যায় পড়েছেন বলে জেলা বাসদের সমন্বয়ক নবকুমার কর্মকার জানিয়েছেন।
তিনি বলেন, “সংগঠনের উদ্যোগে করা এক জরিপে এই তথ্য উঠে এসেছে। এখন সরকারি প্রণোদনা তাদের জন্য অত্যন্ত জরুরি। না হলে বিপাকে পড়বে এই শিল্প ও বিশাল জনগোষ্ঠী।”
এ বিষয়ে সরকারি কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।
সরকারি সহযোগিতা ছাড়া তাতিঁদের ঘুরে দাঁড়ানো ‘কঠিন হবে’ বলে অনেকে জানিয়েছেন।
ওই এলাকার শফিকুল ইসলাম ও সাইফুকল ইসলামসহ অনেকেই একই কথা বলেন।
সদর উপজেলার গাছাবাড়ি গ্রামের তাঁতশ্রমিক মোকলেস আলী বলেন, “একদিকে করোনাভাইরাস অন্যদিকে দীর্ঘমেয়াদি বন্যায় বন্ধ হয়ে গেছে আয়রোজগার। চোখে এখন শুধুই ঘোর অন্ধকার দেখছি। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি আগে কখনও হতে হয়নি। অনেকের ভাগ্যে এখনও জোটেনি কোনো সহযোগিতা।”
এ বিষয়ে জেলা প্রশাসক ফারুক আহম্মদ বলেন, “জেলার ব্র্যান্ডিং তাঁতকুঞ্জ হিসেবে। এ জেলার মানুষের বড় একটি অংশ জীবিকা নির্বাহ করে এই শিল্পের ওপর। ক্ষতিগ্রস্ত তাঁতমালিক ও শ্রমিকরা যাতে ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেন সেই লক্ষ্যে বিশেষ বরাদ্দের জন্য স্থানীয় সরকার ও বাণ্যিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।”
