২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে আরেক হত্যার অভিযোগ

বন্দুকযুদ্ধের নামে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2020, 05:49 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

কক্সবাজারের জৈষ্ঠ্য বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো. হেলালের আদালতে বুধবার বেলা সোয়া ২টায় মাহামুদুল হক নামে এক ব্যক্তিকে হত্যার এই অভিযোগ দেন তার ভাই নুরুল হোছাইন।

মাহমুদুল জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার মিয়া হোসেনের ছেলে।

বাদীর আইনজীবী মো. কাসেম আলী বলেন, মাহামুদুল হককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ আনা হয়েছে প্রদীপ কুমার দাশসহ মোট ২৩ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে প্রদীপসহ ১৬ জন পুলিশ সদস্য। অন্যরা চৌকিদারসহ স্থানীয় লোকজন।

আদালত অভিযোগটি পর্যালোচনা করে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে টেকনাফ থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে বলে তিনি জানান।

বাদীর অভিযোগ, মাহামুদুল বিদেশ থেকে ফেরার পর প্রদীপ কুমার দাশ তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেওয়ায় ২০১৯ সালের ২৮ মার্চ তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পাঁচ লাখ টাকা দিলেও ৩১ মার্চ তাকে হত্যা করা হয়।

মাহামুদুলের নামে কখনও কোনো মামলা ছিল না বলে বাদীর দাবি।

বাদী বলেন, মাহামুদুলকে হত্যার পর থেকে তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হয়। নিরাপত্তার কারণে এত দিন মামলা করতে পারেননি।

এই নিয়ে প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে মোট চারটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ উঠল।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জন্য পুলিশ কর্মকর্তাদের সরাসরি দায়ী করেন সাবেক সেনা কর্মকর্তারা।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ সেনাবাহিনী ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

স্পর্শকাতর এ ঘটনায় নয়জন পুলিশ সদস্যর বিরুদ্ধে নিহতের বোনের করা মামলায় গ্রেপ্তার রয়েছেন ওসি প্রদীপ।

সিনহা হত্যাকাণ্ডের পর ১৮ অগাস্ট কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) মো. হেলাল উদ্দিনের আদালতে গুল চেহারা নামে এক নারী তার ছেলেকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে দেন।

এছাড়া টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মো. আলম বাবুল নামে এক যুবককে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ সোমবার আদালতে জমা দেন তার ভাই বদিউল আলম।

পুরনো খবর:

ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে আরেক হত্যার অভিযোগ আদালতে
সিনহা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য চার পুলিশসহ ৭ জন র‌্যাব হেফাজতে