২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসি প্রদীপের বিরুদ্ধে বন্দুকযুদ্ধের নামে আরেক হত্যার অভিযোগ আদালতে

সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার আসামি ওসি প্রদীপসহ ২৮ জনের বিরুদ্ধে কথিত বন্দুকযুদ্ধে এক যুবককে হত্যার একটি অভিযোগ আদালতে দায়ের করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2020, 06:29 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-২) এর বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে নিহত ওই যুবকের মা গুল চেহারা এ অভিযোগ দায়ের করেন বলে জানান বাদীর আইনজীবী মো. আব্দুল বারী।

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন নামের ওই যুবক নিহতের ঘটনায় করা এ অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনার জন্য পুলিশ কর্মকর্তাদের সরাসরি দায়ীও করেন সাবেক সেনা কর্মকর্তারা।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ,সেনাবাহিনী ও প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৫ অগাস্ট সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং পুলিশপ্রধান বেনজীর আহমেদ যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন, এই ঘটনাকে কেন্দ্র করে উসকানি দিয়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে সম্পর্কে যেন কেউ চিড় ধরাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

স্পর্শকাতর এ ঘটনায় নয়জন পুলিশ সদস্যর বিরুদ্ধে নিহতের বোনের করা মামলায় গ্রেপ্তার রয়েছেন ওসি প্রদীপ।

এই পরিস্থিতিতে ওসি প্রদীপসহ ২৭ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে কক্সবাজারের বিচারক মো. হেলাল উদ্দিনের আদালতে ওই যুবক হত্যার মামলা করা হল।

এ মামলায় অন্য আসামিরা হলেন, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মশিউর রহমান, এএসআই মো. আরিফুর রহমান, এসআই সুজিত চন্দ্র দে, এসআই অরুণ কুমার চাকমা, এসআই মো. নাজিম উদ্দিন ভুঁইয়া, এসআই নাজিম উদ্দিন, এসআই কামরুজ্জামান, এএসআই আমির হোসেন, এএসআই কাজী সাইফুদ্দিন, এএসআই নাজিম উদ্দিন, এএসআই মাঈন উদ্দিন, এএসআই মাজাহারুল ইসলাম, এএসআই নঈমুল হক, এএসআই মিশকাত উদ্দিন, এএসআই রামধন চন্দ্র দাশ।

এছাড়া আসামি করা হয়েছে, কনস্টেবল সাগর দেব, কনস্টেবল রুবেল শর্মা, কনস্টেবল আবু হানিফ, কনস্টেবল মো. শরিফুল ইসলাম, কনস্টেবল মো. আজিজ, কনস্টেবল দ্বীন ইসলাম, কনস্টেবল মো. বোরহান, কনস্টেবল মো. জসিম উদ্দিন, কনস্টেবল আব্দু শুক্কুর, কনস্টেবল মো. শেকান্দর ও কনস্টেবল মহি উদ্দিনকে।

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের দফাদার নুরুল আমিন ওরফে নুরুল্লাহ দফাদারও এ আসামির তালিকায় রয়েছেন।

আসামিদের মধ্যে নুরুল আমিন ছাড়া অন্যরা হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি এবং টেকনাফ থানায় কর্মরত রয়েছেন।

বাদী গুল চেহেরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার সুলতান আহমদ ওরফে বাদশার স্ত্রী।

বাদীর আইনজীবী মো. আব্দুল বারী বলেন, গত ৪ জুলাই গুল চেহেরার ছেলে সাদ্দাম হোসেন এবং মো. জাহেদ হোসেনকে পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিতে পুলিশ ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দেওয়া না হলে তাদের মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

“স্বজনরা জমি-জমা ও স্বর্ণালঙ্কার বন্ধক রেখে পুলিশকে পাঁচ লাখ টাকা দেওয়ার পর মো. জাহেদ হোসেনকে এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৬ জুলাই আদালতে পাঠানো হয়। টাকা দেওয়ার পরও সাদ্দাম হোসেনকে ছাড়া হয়নি। ”

বাদীর এ আইনজীবী জানান, এদিকে গত ৭ জুলাই গভীর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কম্বোনিয়া বড়ছড়া এলাকায় কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন এবং আব্দুল জলিল নামের দুইজন গুরুতর আহত হন বলে পুলিশ দাবি করে। এ ঘটনায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে আনার পর চিকিৎসকের বরাতে মৃত্যু দেখানো হয়।

এ ঘটনায় সাদ্দামের মা গুল চেহেরা বাদী হয়ে আদালতে এ অভিযোগ দায়েরের প্রসঙ্গে আব্দুল বারী বলেন, “আদালত অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন আদালতে উপস্থাপনের পর ঘটনার সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”