কক্সবাজারে মা-মেয়েকে রশি বেঁধে নির্যাতন: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
কক্সবাজারের মা-মেয়ের কোমরে রশি বেঁধে নির্যাতনের আলোচিত ঘটনায় হারবাং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে চকরিয়ার এ ঘটনায় নির্যাতিত পারভিন বেগম বাদী হয়ে এ মামলা করেছেন বলে জানান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।
“মামলা রুজু করা হয়েছে। তারা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছেন।”
পারিভিন বেগম ও তার দুই মেয়ে জামিনে মুক্তির পর মঙ্গলবার বিকালে চকরিয়া থানায় উপস্থিত হয়ে এ মামলাটি করেন।
মামলার অন্য আসামিরা হলেন- উত্তর হারবাং বিন্দারবান খিলের জিয়াবুল হকের ছেলে নাছির উদ্দিন (২৮), মাহমুদুল হকের ছেলে নজরুল ইসলাম (১৯) এবং এমরান হোসেনের ছেলে জসিম উদ্দিন (৩২)। তাদের রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতের হাকিম রাজিব কুমার দেব শুনানি শেষে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার আবুল কালামের স্ত্রী পারভিন বেগম তার করা মামলায় উল্লেখ করেছেন, তারা রাঙ্গুনিয়া পৌরসভার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে তারা পটিয়া উপজেলার শান্তির হাট কুসুমপুরের এক ভাড়া বাসায় বাস করেন।
এজাহারে ঘটনার বিবরণে বলা হয়েছে, ওই ভাড়া বাসা থেকে গত ২১ অগাস্ট দুপুরে পারভিন বেগম, তার ছেলে এমরান, ছেলের বন্ধু ছুট্টু এবং দুই মেয়ে রোজিনা আক্তার ও সেলিনা আক্তার শেলীকে নিয়ে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাটের হায়দার নাশি এলাকায় ছোট মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বের হন।
মা-মেয়েসহ তারা প্রথমে মাইক্রোবাসে করে সাতকানিয়ার কেরানিহাটে আসেন। সেখান থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে দক্ষিণ দিকে চকরিয়ার ডুলাহাজারার ইউনিয়নের মালুমঘাটের পূর্ব পাশে হায়দারনাশিস্থ ছোট মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা হন।
তাদের নিয়ে অটোরিকশা চকরিয়ার হারবাং লাল ব্রিজ নামক এলাকায় পৌঁছলে পেছন থেকে দুইটি মোটরসাইকেল নিয়ে ছয়জন লোককে তাদেরকে ধাওয়া করতে দেখেন। এতে চালক ভয় পেয়ে অটোরিকশা চালিয়ে হারবাং পহর চাঁদা এলাকায় নির্মাণাধীন রেল লাইনের পাশে নিয়ে যান। সেখানে ওই মোটরসাইকেল আরোহীরা তাদেরকে আটক করে কিল-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ওই অভিযুক্তরা তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইলফোন সেট কেড়ে নেয়। এরপর তাদের কোমরে দড়ি বেঁধে মারতে মারতে রাস্তায় হাটিয়ে হারবাং ইউনিয়ন পরিষদে নিয়ে যান বলে এজাহারে বলা হয়েছে।
পারভিন বেগম আরও অভিযোগ করেন; তাদেরকে গরু চুরির অপবাদ দিয়ে মারধর করে কোমরে রশি বেঁধে প্রকাশ্যে রাস্তায় হাঁটিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও অপমান করার উদ্দেশ্যে আসামিরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
মামলা বাদী পারভিন বেগমের আইনজীবী ইলিয়াছ আরিফ জানান, এ মামলায় রুজু হওয়ার সাথে সাথে পুলিশ চাইলে আসামিদের গ্রেপ্তার করতে পারবেন।
তবে এ ঘটনার সময় চট্টগ্রামে ছিলেন দাবি করে হারবাং ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম বলেন, তিনি মা- মেয়েকে কোমরে রশি বেঁধে নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে জানতে পেরে গ্রামপুলিশ পাঠিয়ে উদ্ধার করে পুলিশে সোপর্দ করার জন্য সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ থেকে উদ্ধারের সময় তাদের সঙ্গে একটি বাছুর, ছোরা ও চেতনানাশক স্প্রে উদ্ধার করা হয়। পরে ওই গুরুর মালিক মাহমুদুল হক বাদী হয়ে এই মা-মেয়েসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন।
