২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে ১৩ লাখ ইয়াবা, আটক ২

কক্সবাজারে একটি মাছ ধরার ট্রলার থেকে ১৩ লাখ ইয়াবা উদ্ধার এবং এক রোহিঙ্গাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 02:02 PM

Updated : 08 Apr 2022, 01:15 AM

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ান দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার জানান, সদরের খুরুশকূল মাঝির ঘাট এলাকা থেকে রোববার সন্ধ্যায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৬ ব্লকের বাসিন্দা মো. বশির আহমদের ছেলে মোহাম্মদ আয়াজ (৩৪) ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজী পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৪৫)।

সংবাদ সম্মেলনে তোফায়েল বলেন,  সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলারে করে একটি ইয়াবার চালান আসার খবর ছিল র‍্যাবের কাছে। এনিয়ে বেশ কিছুদিন র‌্যাব সাগরপথে নজরদারি শুরু করে। এক পর্যায়ে গভীর সাগরে সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া দিয়ে বাঁকখালী নদীর কক্সবাজার সদরের খুরুশকূল এলাকায় আটক করা হয।

" এ সময় ট্রলারে থাকা এক রোহিঙ্গাসহ ২ জনকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি করে ১৩ লাখ ইয়াবাসহ নগদ ১০ হাজার ৯০০ টাকা, ১ টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা বলে র‌্যাবের এ কর্মর্তা জানান। "

আটকদের বরাতে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, " আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া ইয়াবা পাচারের সঙ্গে ট্রলার মালিকদের বড় একটি অংশও জড়িত।"

আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।