নারায়ণগঞ্জে ‘চিকিৎসকের অবহেলায়’ মৃত্যুতে ভাংচুর, হাসপাতাল বন্ধ ঘোষণা
নারায়ণগঞ্জে চিকিৎসকের অবহেলায় কিশোরীর মৃত্যুর অভিযোগে স্বজনদের হাসপাতালটিতে ভাংচুরের পর সেটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকার গ্রিন ডেলটা হাসপাতাল ও ল্যাবে এ ভাংচুর শুরু হলে সেখানকার চিকিৎসক, নার্সসহ অন্যরা পালিয়ে যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা নয়ামাটি এলাকার মোহাম্মদ মিজানের মেয়ে প্রয়াত আয়েশা আক্তার আলফি (১৪) পাগলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও জেলা সিভিল সার্জন সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। রোগীর স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
“ওই হাসপাতালের কাউকে পাওয়া যায়নি, তাই সেটির লাইসেন্স রয়েছে কি-না তা আমরা নিশ্চিত হতে পারিনি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত ওই হাসপাতালটি বন্ধ থাকবে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, এ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাংচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আয়েশার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আয়েশার বাবা মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার পাগলা নয়ামাটি এলাকার বাড়িতে তার মেয়ে আয়েশা বাড়ির ছাদে খেলতে গেয় সিঁড়ি থেকে পিছলে পড়ে যায়। পায়ে ব্যথা অনুভব কারায় স্থানীয় গ্রিন ডেলটা ক্লিনিকে নিয়ে যান তারা।
“কিন্তু অপারেশনের জন্য আয়েশাকে অজ্ঞান করতে ইনজেকশন পুশ করা হয় ভুল জায়গায়। যার ফলে কার্যকারিতা না পাওয়ায় তারা আবারও ইনজেকশন পুশ করে।
“ওভার ডোজের কারণে এক পর্যায়ে কোমায় চলে যেতে থাকে আয়েশা। মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে সে। অবস্থা বেগতিক দেখে গ্রিন ডেলটা কর্তৃপক্ষ জানায়, আয়েশার আইসিইউ সাপোর্ট লাগবে। কিন্তু তাদের ওখানে আইসিইউ না থাকায়, তারা যাত্রাবাড়িতে তাদের ডেলটা হসপিটালের শাখায় নিয়ে যায়।
“সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়াই করার পর রোববার সকালে তার মৃত্যু হয়।”
তিনি অভিযোগ করে বলেন, “সকালে আইসিইউ রুমে তার বড় ছেলে হাসিবুল হাসান শান্ত (২২) প্রবেশ করে দেখতে পান আলফির সমস্ত শরীর ঠাণ্ডা হয়ে গেছে। পালস বন্ধ হয়ে যাওয়াতে নিশ্চিত হন আয়েশা আক্তার নেই।”
আয়েশার ভাই হাসিবুল হাসান শান্ত বলেন, “অজ্ঞান করার ইনজেকশন দেওয়ার আগেও আমার বোন স্বাভাবিক ছিল, কথা বলছিল। চোখের সামনে এভাবে হারিয়ে ফেললাম আমার বোনকে। আমি এর সঠিক বিচার চাই।”
এদিকে, আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুদ্ধ স্বজন ও এলাকাবাসী গ্রিন ডেলটা হাসপাতালে হামলা চালিয়ে কাঁচের জানালা-দরজা ভাংচুর করে বিক্ষোভ দেখায়। এ সময় হাসপাতালের চিকিৎসক ও নার্সরা আত্মরক্ষার্থে পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য ঘটনাস্থলে যান। পরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ ও নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে প্রয়াতের স্বজনরা শান্ত হয়।
এদিকে, প্রয়াত আশেয়ার বাবার কাছে পাগলার গ্রিন ডেলটা হাসপাতাল ও ল্যাব কর্তৃপক্ষ যাত্রাবাড়ির ডেলটা হসপিটালকে তাদের শাখা দাবি করার খবর প্রকাশের পর ডেলটা হেলথ কেয়ার যাত্রাবাড়ি লিমিটেড থেকে তা অস্বীকার করা হয়েছে।
ডেলটা হেলথ কেয়ার যাত্রাবাড়ি লিমিটেডের ব্যবস্থাপক এসএম সুলতান আহম্মেদ মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, পাগলার ওই গ্রীণ ডেলটা হাসপাতালের সাথে তাদের হাসপাতালের কোনো সর্ম্পক নেই। এটা তাদের কোনো শাখাও নয়।
