কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসককে বগুড়া থেকে হেলিকপ্টারে আনা হল ঢাকায়
করোনাভাইরাসে আক্রান্ত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এ কে এম রওনক হোসেন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
রোববার দুপুরে বগুড়া থেকে ৬২ বছর বয়সী এই চিকিৎসককে ঢাকায় এনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, “ইন এইড টু সিভিল পাওয়ার’র আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।”
রনক চৌধুরী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন। সম্প্রতি তিনি অবসরে গেছেন।
তার স্ত্রী জাকিয়া সুলতানাও একজন চিকিৎসক। এই দম্পতির দুই সন্তান। জার্মানিতে অবস্থানরত বড় মেয়ে স্থপতি; ছেলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র।
