২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁয় বসে কফিতে চুমুক, পায়ে চিমটি কাটছে মাছ

রেস্তোরাঁয় বসে চা বা কফি খাচ্ছেন, চিকেন বা চাইনিজ; খেতে খেতে অনুভব করলেন পায়ের পাতায় কে যেন চিমটি কাটছে। নিচে তাকাতেই দেখা মিলল পা ছেড়ে পালিয়ে যাচ্ছে গোল্ড ফিস, কই কাপ, গাপ্পি অথবা রঙিন কোনো মাছ।

শরীফুল্লাহ কায়সার সুমন

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2020, 09:21 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

সাতক্ষীরা শহরতলির বকচরা বাইপাস সড়কের ‘মৌবন’ রেস্টুরেন্টে প্রথমবার খেতে আসা অনেকের কাছেই এই অনুভূতি বিস্ময় হয়ে আসছে।

ভিন্ন আয়োজন নিয়ে শুরু করা এই রেস্তোরাঁয় পানির মধ্যেই পাতা রয়েছে চেয়ার-টেবিল। আর গোড়ালি ডোবা পানিতে ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট বিভিন্ন রঙের মাছ। বিশেষ করে শিশুরা বড়দের সঙ্গে খেতে এসে অনেকটা সময় রঙিন মাছের সঙ্গে সময় কাটিয়ে যাচ্ছে।

Image
রেস্তোরাঁয় খেতে এসে রঙিন মাছের সঙ্গে খেলায় মেতেছে দুই শিশু।

রেস্তোরাঁয় খেতে এসে রঙিন মাছের সঙ্গে খেলায় মেতেছে দুই শিশু।

তবে সাতক্ষীরার রাজারবাগান এলাকার আসাদুজ্জামান মধু জানান, শুধু শিশুরা নয়, বড়দের কাছেও এটা এক অনন্য অভিজ্ঞতা। খেতে বসে পায়ে মাছের কামড় খেয়ে চিৎকার করে উঠছেন অনেকে।

“দেখতে বেশ মজা লাগে। আবার পা দিয়ে খেলাও করছেন পানির মধ্যে থাকা সেই মাছের সঙ্গে। সেসব অভিজ্ঞতার বর্ণনা ও ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই শেয়ার করছেন। এভাবে অল্প কয়েক দিনেই সবার কাছে পরিচিত হয়ে উঠেছে রেস্টুরেন্টটি।”

এখন সাতক্ষীরার বাইরের অন্যান্য জেলা থেকেও এই রেস্তোরাঁয় খেতে আসছেন মানুষ।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী সিকান্দার আবু জাফর বলেন, “শহরের কোলাহল ছেড়ে রঙিন মাছ পরিবেষ্টিত মৌবন রেস্টুরেন্টে ঘুরতে আসলে সবারই মন ভালো হয়ে যায়।”

স্থানীয়রাও এখন শহরে ঘুরতে আসা লোকজনকে এই রেস্তোরাঁ দেখিয়ে দিচ্ছেন। সম্প্রতি শ্যামনগর উপকূল থেকে কাজের পাশাপাশি ঘুরাঘুরি করতে আসা আশিক সবুজ ও শামীম সেভাবেই অতিথি হয়েছিলেন ওই রেস্তোরাঁয়।

এই রেস্তোরাঁ ঘুরে যাওয়া সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র অগ্র বিসর্গ বলেন, “এ এক অদ্ভুত জায়গা, যেখানে আছে বিনোদনের বিশেষ খোরাক।”

রেস্তোরাঁর অভিজ্ঞতায় আমোদিত প্রবাসী শাহাদাত হোসেন বলেন, “ঢাকায় অনেক রেস্টুরেন্টে খেয়েছি। কিন্তু এই রকম ব্যতিক্রমী আয়োজন আমার চোখে পড়েনি। সাতক্ষীরায় আমার বাড়ি পাশে এই রেস্টুরেন্ট গড়ে উঠেছে দেখে সত্যি আমি অবাক হয়েছি।

“পানির মধ্যে পা ডুবিয়ে চা-কফি অথবা চাইনিজ খাচ্ছি। পায়ের পাশে বিভিন্ন রঙিন মাছ ঘোরাঘুরি করছে। খেতে খেতে কখনও অনুভব করছি পায়ের পাতায় কে যেন চিমটি কাটল। নিচে তাকাতেই দেখি পা ছেড়ে পালিয়ে গেল রঙিন মাছটা। অসাধারণ অভিজ্ঞতা হল, এভাবে খাবার খেয়ে। এখানে এসে অনেক ভালো লেগেছে।”

রেস্তোরাঁর মালিক দেলোয়ার হোসেন বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউটিউবে ভিডিও দেখে এই ভাবনা তার মাথায় আসে। ঈদুল আজহার মাত্র দুই দিন আগে রেস্তোরাঁটি চালু করেছেন তিনি।

“কিন্তু ব্যতিক্রমী হওয়ার কারণে অনেকে ভিডিও ছড়িয়ে দেয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে ক্রেতা বেড়েছে। প্রতিদিন বেশ ভালো বিক্রি হচ্ছে।”