মালয়েশিয়া থেকে বাড়ি ফিরেছেন রায়হান কবির
করোনাভাইরাস মহামারীর মধ্যে অভিবাসীদের প্রতি মালয়েশিয়া সরকারের আচরণ নিয়ে গণমাধ্যমে কথা বলে গ্রেপ্তার হওয়া রায়হান কবিরকে অবশেষে দেশে ফেরত পাঠানো হলো।
রায়হানের বাবা শাহ্ আলম জানান, শনিবার ভোরে তিনি রায়হানকে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার বাড়ি পৌঁছেন।
এর আগে শুক্রবার রাত দেড়টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে রায়হান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে তিনি জানান।
বিমানবন্দরে ছেলেকে আনতে গিয়েছিলেন তার বাবা নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প নগরীতের পোশাক কারখানার স্যাম্পলম্যান শাহ্ আলম।
গত ৩ জুলাই আল জাজিরা টেলিভিশনে সম্প্রচারিত ওই প্রামাণ্য প্রতিবেদনে মহামারীর মধ্যে অবৈধ অভিবাসী শ্রমিকদের চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন রায়হান কবির।
আল জাজিরাকে তিনি বলেন, মহামারীর মধ্যে অবৈধ শ্রমিকদের আটক ও জেলে পাঠানোর মাধ্যমে মালয়েশিয়া সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এটা কোনো মানবিক আচরণ হতে পারে না।
তবে দেশটির সরকারের কর্মকর্তারা আল জাজিরার ওই খবর ‘ভুল, বিভ্রান্তিকর এবং অন্যায্য’ বলে দাবি করেন। ওই প্রতিবেদন সম্প্রচারের পর দেশটিতে ক্ষোভের সঞ্চার হলে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
রায়হানকে দেশে পেরত পাঠানোর প্রক্রিয়ার মধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, দেশে ফেরত পাঠানোর পাশাপাশি রায়হানকে মালয়েশিয়ায় ‘কালো তালিকাভুক্ত’ করা হবে। এর ফলে রায়হান পরে আর কখনও মালয়েশিয়ায় ঢুকতে পারবেন না।
রায়হান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস মহামারীকালে মালয়েশিয়ায় প্রবাসীদের যা করা হয়েছে এবং যা দেখেছি তাই গণমাধ্যমে বলেছি। প্রবাসীদের সাথে যে অন্যায় হয়েছে সেটাই বলেছি। তবে আমি যে অন্যায় কিছু বলেনি, তার কারণে তাদের তদন্তেও আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে পারেনি।”
দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রায়হান কবির
রায়হানের বাবা শাহ্ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলে গ্রেপ্তারের পর থেকে পরিবারের সবাই আতঙ্কে ছিলাম। অনেকে আমাদের নানাভাবে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু মা-বাবার মন কোনো সান্ত্বনা মনে মানতে চাইত না। এখন ছেলেকে বুকে ফেরত পেয়ে আমরা আনন্দিত।”
তিনি প্রধানমন্ত্রী ও প্রবাসীসহ সকলের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
রায়হানের মা রাশিদা বেগম বলেন, “ছেলে বুকে ফিরে এসেছে আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া। ছেলে ফেরত আসার জন্য গণমাধ্যমসহ আপনাদের ঋণ কোনো দিন শোধ করতে পারব না।
“ছেলের প্রতিবাদী স্বভাবের কারণে সব সময় চিন্তা করতাম। গ্রেপ্তারের পর থেকে তো আমাদের কারো ঘুম ছিল না। ও ফিরে আসায় আমাদের এখন শান্তি।”
রায়হান বাড়ি ফেরার পর আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী রায়হানদের বাড়িতে ছুটে এসেছেন।
