গাজীপুর কুপিয়ে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
গাজীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে তার ষাটোর্ধ্ব স্বামীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের খাতিয়া গ্রামের রাশেদা বেগম (৪৫) নিহত হন।
শুক্রবার সকালে রাশেদার স্বামী ওমেদ আলীকে (৬১) আটক করা হয়েছে।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবজাল হোসেন জানান, পারিবারিক বিষয়াদি নিয়ে বৃহস্পতিবার রাতে রাশেদা এবং ওমেদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে খাবার খেয়ে স্ত্রী ঘুমিয়ে পড়েন।
“রাত ১টার দিকে ওমেদ আলী ঘরে থাকা চাপাতি দিয়ে স্ত্রীর মাথায় কুপিয়ে হত্যা করে বাড়ির মুরগির খোঁয়ারে লুকিয়ে থাকেন।”
পরিদর্শক আবজাল জানান, পরদিন সকালে ওমেদ আলীর মা ঘরের দরজা বন্ধ দেখে ছেলে ও পুত্রবধূকে ডাকাডাকি করেন। কারো সাড়া না পেয়ে ঘরের সামনে গিয়ে দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। পরে পাশের বাড়ির এক নাতনির সহযোগিতায় দরজার ছিটকিনি খুলে রাশেদার রক্তাক্ত লাশ দেখতে পান।
“খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং বাড়ির মুরগির খোঁয়ার থেকে ওমেদ আলীকে আটক করে।”
আটক ওমেদ আলী স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
“ওমেদ আলী বলেছেন, স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার ঝগড়া হতো। এসব কারণে স্ত্রীকে খুন করেছেন।”
রাশেদার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন বলে আবজাল জানান।
