২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামুতে বাস খাদে, নিহত ২

কক্সবাজারের রামুতে এক বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2020, 08:00 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বার্মাইয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি আবুল খায়ের।

তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ওসি।

ওসি খায়ের বলেন, বিকালে বার্মাইয়া পাড়ায় কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  যায় স্থানীয়রা।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া বলেন, সন্ধ্যা ৬টায় আহত ১৬ জনকে হাসপাতালে আনা হয়। এতে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত আটজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ওসি খায়ের আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারকারী দলটি বাসটির নিচে কেউ চাপা পড়া অবস্থায় আছে কিনা সেটার তল্লাশি কাজ অব্যাহত রেখেছে।