চাকরির প্রলোভন দিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’, আশুলিয়ায় আটক ২
ঢাকার আশুলিয়ায় চাকরির প্রলোভন দিয়ে এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার আশুলিয়ার পলাশবাড়ি থেকে অভিযুক্তদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলার জেলার সিংড়া থানার মোবারক হোসেনের ছেলে মো. মমিন এবং মানিকগঞ্জ নিবাসী রফিকুল ইসলাম।
অন্যদিকে ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার বিকালে পলাশবাড়ির কাঠালতলার হক ভিলার নয় তলা ভবনের মমিনের ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু মিলে ওই তরুণকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানায়, পলাশবাড়ি পশ্চিম পাড়ায় বসবাসকারী ওই নারীকে চাকরি দেওয়ার কথা বলে মোবাইলফোনে কৌশলে মমিনের ভাড়া বাসায় নিয়ে পলাক্রমে ধর্ষণ করে তারা তিনজন। ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয় তারা।
পরে ভুক্তভোগী নারী বিষয়টি থানায় অবহিত করে জানিয়ে তিনি আরও বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলের আশপাশ থেকে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আরিফ নামে আরও একজন সম্পৃক্ত রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
দলবেঁধে ধর্ষণের ঘটনায় আশুলিয়া থানায় মামলায় দায়েরের পক্রিয়া চলছে।
