নারায়ণগঞ্জে পোশাককর্মীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে পোশাক কারখানার এক নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার গভীর রাতে সদর উপজেলার পাগলা খেয়াঘাট এলাকায় ওই ঘটনা ঘটে বলে ওই তরুণীর অভিযোগ।
গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ নুরুল ইসলামের ছেলে আল আমিন (২১), মহিবুল্লাহর ছেলে মোহাম্মদ হিমেল (২০), মৃত সেলিম মিয়ার ছেলে মোস্তাক আহম্মেদ (২২), আব্দুল আউয়াল হাওলাদারের ছেলে মাসুম মিয়া (২০) এবং সোনারগাঁয়ের মুসার চর ভূইয়াপাড়ার আব্দুর রহিমের ছেলে রবিন (২১)।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, কেরানীগঞ্জের পানগাঁও এলাকার ১৮ বছর বয়সী এক তরুণী পঞ্চবটি বিসিক শাসনগাঁও শিল্পনগরীতে পোশাক কারখানায় কাজ করেন। বুধবার ওভারটাইম শেষে রাত ১২টার দিকে কারখানা ছুটি হয়। ছুটি শেষে ওই কারখানার এক নারী সহকর্মীসহ তিনি বাসার উদ্দ্যেশে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে রওনা হন।
“তারা পাগলা খেয়াঘাটে নৌকার জন্য অটোচালকসহ অপেক্ষা করতে থাকেন। এ সময় এক যুবক ওই তরুণীকে দেখে মোবাইল ফোনে আরও কয়েকজনকে ডেকে আনে। এরপর তারা ছয় জন অটোচালককে হুমকি দিয়ে দুই তরুণীকে পাশের নির্জন স্থানে বালুর মাঠে নিয়ে যায়।
“পরে চালক এক তরুণীকে বাঁচিয়ে আনতে পারলেও অন্যজনকে আনতে পারেননি। রাত দেড়টার দিকে ছয় জন মিলে ওই তরুণীকে ধর্ষণ করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
ওসি আসলাম বলেন, রাত ৩টার দিকে মেয়েটি বিষয়টি পুলিশকে জানালে তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাগলা ও আলীগঞ্জ এলাকা থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।
ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
