২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: গোপালগঞ্জে ভেসে গেছে ৬ হাজার পুকুরের মাছ

গোপালগঞ্জে বন্যায় সাড়ে ছয় হাজারেরও বেশি পুকুরের মাছ ভেসে গেছে। এতে জেলার পাঁচ উপজেলার সাড়ে ৫ হাজারেরও বেশি মাছ চাষি ক্ষতির মুখে পড়েছেন।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2020, 03:21 PM

Updated : 10 Oct 2022, 07:21 PM

বিল বেষ্টিত গোপালগঞ্জের অধিবাসীদের ধানের পর দ্বিতীয় অর্থকারী ফসল মাছ। এ বছরও ধার দেনা করে মৎস্য চাষিরা মাছ চাষ করেন; পুকুরে মাছে উৎপাদন ও ভাল হয়েছিল। কিন্তু বন্যার কবলে পড়ে মাছ ভেসে যাওয়ায় এখন তাদের মাথায় হাত পড়েছে।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন,  “এবারের বন্যায় জেলার ৫ উপজেলার ৬ হাজার ৬৮১ টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৫ হাজার ৫৭৬ জন মৎস্য চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন। আর ক্ষতিগ্রস্থ পুকুরের মোট আয়তন ১ হাজার ৭৩৩ হেক্টর। ভেসে গেছে পুকুরের  ৩ হাজার ২১২ টন মাছ। এ ছাড়া পুকুরের অবকাঠামোগত ক্ষতি হয়েছে ৬ কোট ৭৯ লাখ টাকার।

“এছাড়া কোটালীপাড়া উপজেলায় ৩ হাজার ৪৯১টি, টুঙ্গিপাড়ায় ৮৮৮ টি, কাশিয়ানীতে ৮৬৭টি, মুকসুদপুরে ৭৮১টি ও  গোপালগঞ্জ সদর উপজেলায় ৭১৪টি পুকুরের মাছ সম্পূর্ণ ভেসে গেছে।”

সব মিলিয়ে জেলায় মৎস্য সেক্টরে ৪৮ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা জানান।

কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, “আমার ইউনিয়নের মানুষের প্রধান আয়ের উৎস মাছ চাষ। এ এলাকার লোকজন নিজের পুঁজি, মহাজন, এনজিও, ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেন। পুকুরে মাছে উৎপাদন ভাল হয়েছিল।

“কিন্তু বন্যায় ইউনিয়নের অন্তত ২ হাজার পুকুরের মাছ ভেসে গেছে। এতে আমার ইউনিয়নে মৎস্য সেক্টরে কমপক্ষে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার প্রনোদণা না দিলে মাছ চাষিরা ঘুঁড়ে দাড়াতে পারবে না।”

এদিকে বন্যায় মাছ ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়া চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের পথ খঁজতে গিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন বলে জানালেন তারা।

কোটালীপাড়া উপজেলার মাছবাড়ি গ্রামের মৎস্য চাষি দেবদাস সরকার (৬০) বলেন, “আমি সব পুঁজি দিয়ে আমার ৬ বিঘার পুকুরে মাছ চাষ করেছিলাম। বন্যায় পুকুরের সব মাছ ভেসে গেছে। এতে আমার ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে আমি সরকারের কাছে সহায়তা চাই।”

একই গ্রামের কমলা সরকার (৪৫) বলেন, “ধার দেনা করে জমি কিনে এ বছর ৬ বিঘা জমিতে পুকুর কেটে ৩০ লাখ টাকা ব্যয়ে মাছ চাষ করেছিলাম। বন্যার পানিতে সব মাছ ভেসে গেছে; পানিতে বাড়ি ডুবেছে। সবজি নষ্ট হয়েছে। গরু বাছুর নিয়ে কষ্টে আছি।

“এখন ছেলে-মেয়ে নিয়ে কিভাবে মানুষ করব, কিভাবে সংসার চালাবো, কিভাবে ধার-দেনা শোধ করবো, সে দুশ্চিন্তায় চোখে মুখে অন্ধকার দেখছি। এ অবস্থায় সরকার আমাদের পাশে দাড়াবে, এটাই প্রত্যাশা করছি।”

একই গ্রামের মৎস্য চাষি উদ্ধব বিশ্বাস মহাজনের কাছ থেকে দাদন নিয়ে সোয়া বিঘা জমিতে মাছ চাষ করেছিলেন। পুকুরে ১ লাখ টাকার মাছ ছিল; কিন্তু বন্যায় মাছ ভেসে তিনি এখন দিশেহারা ।

তিনি বলেন, “বন্যা শুরু হলে পুকুর পাড়ে নেট দিয়ে ঘিরে দেই। কিন্তু পানির স্রেতে নেট ছিড়ে মাছ বের হয়ে গেছে। এ ক্ষতি পুশিয়ে নিতে আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”

ক্ষতিগ্রস্থ মাছ চাষিদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বলেন, “আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করেছি। এটি মৎস্য অধিদপ্তরের মধ্যেমে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেখানে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষি প্রনোদণা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

“বন্যার ক্ষতি পুশিয়ে নিতে মৎস্য চাষিদের পুকুরে বেশি বেশি করে খাবার দিতে বলছি। এছাড়া পুকুরে ডাল ফেলার পরামর্শ দিচ্ছি। এতে করে মাছ পুকুরে আশ্রয় নেবে। এতে তারা কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারবেন।