সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য রিমান্ডে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।
বুধবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এরা হলেন- এপিবিএনের এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ।
সোমবার রাতে টেকনাফের এপিবিএনের ফাঁড়ি থেকে এপিবিএনের
তিন সদস্যকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান।
র্যাবের তদন্ত কর্মকর্তা এএসপি খায়রুল ইসলাম বলেন, “র্যাব তিনজনের দশদিন করে রিমান্ডে নিতে আবেদন করেছিল। শুনানি শেষে বিচারক সাত দিন মঞ্জুর করেছেন।”
সিনহা যেদিন পুলিশের গুলিতে নিহত হন, এই তিনজন তখন এপিবিএনের শামলাপুর টেকপোস্টে দায়িত্বরত ছিলেন বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিনহা হত্যার ঘটনায় যারা সক্রিয়ভাবে জড়িত; তাদের সঙ্গে এই তিনজনের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।”
সিনহা হত্যা মামলায় এ নিয়ে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হল, যাদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়।
তাদের মধ্যে ওসি প্রদীপসহ সাত পুলিশ সদস্য ৬ অগাস্ট আদালতে আত্মসমর্পণ করেন।
পুলিশের গুলিতে সিনহার নিহতের ঘটনায় টেকনাফ থানায় পুলিশ যে মামলা করেছিল, তার তিন সাক্ষীকেও ১১ অগাস্ট র্যাব গ্রেপ্তার করে।
হত্যার ঘটনায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা ওই তিনজনেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে সে সময় র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
