করোনাভাইরাস: বগুড়ায় শিশুর মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাড়ে চার বছর বয়সী এক শিশু মারা গেছে।
রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে টিএমএসএস হাসপাতালে মাহাদী নামের ওই শিশুর মৃত্যু হয় বলে হাসপাতালের জেনারেল অ্যাডমিন ও করোনা সংক্রান্ত মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান।
মাহাদী বগুড়া নুনগোলা ডিগ্রী কলেজের প্রভাষক শহরের দক্ষিণ ঠনঠনিয়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।
পরিবারের বরাতে রুবেল বলেন, ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাহাদী ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল। গত ১৪ আগস্ট নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এরপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১২টার দিকে টিএমএসএস হাসপাতালে ভর্তির দেড় ঘণ্টা পরে সে মারা যায়।
কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সমন্বয়ক মিজানুর রহমান জানান, তাদের স্বেচ্ছাসেবীদের একটি দল স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্ত্বরে জানাজা শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
