২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাসে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2020, 01:27 AM

Updated : 08 Apr 2022, 01:13 AM

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে এ হাসপাতালের (রামেক) উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আব্দুর রহমান রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকার বাসভবনে সপরিবারে বসবাস করতেন। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের রামনগর গ্রামের মহির উদ্দিনের প্রামাণিকের ছেলে তিনি।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন এই সদস্যর স্ত্রী ডা. ফেরদৌসী আজমল ও ভাই রফিকুল ইসলামও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মাস আগে রামেক হাসপাতালে ভর্তি হন ডা. আব্দুর রহমান।

“এক সপ্তাহ আগের দ্বিতীয় রিপোর্টে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু শারীরিক দুর্বলতা ও অন্যান্য সমস্যা থাকায় তিনি হাসপাতালের সাধারণ বেডে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার ফুসফুসের সংক্রমণসহ নিউমোনিয়া ধরা পড়ে।”

অবস্থার অবনতি হওয়ায় রোববার তাকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে বিকাল ৩টায় মৃত্যুবরণ করেন আব্দুর রহমানের বলে জানান ড. সাইফুল।