২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ঘরের মাটি খুঁড়ে তরুণীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নির্মাণাধীন এক ঘরের ভিটির বালুর নিচ থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2020, 11:49 PM

Updated : 18 Aug 2022, 03:37 PM

শনিবার বিকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী ডেংপাড়া (মিশাইলা পাড়া) এলাকার এক মালয়েশিয়া প্রবাসীর নির্মাণাধীন টিনের ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, উদ্ধার হওয়ার নারীর লাশে পচন ধরেছে।

“মুখমণ্ডল বিকৃত হওয়ায় পরিচয় পাওয়া যাচ্ছে না। তবে নিহতের হলুদ সেলোয়ার ও কাদামাখা জামা পরনে থাকায় বয়স ১৫ থেকে ২০ হতে পারে বলে অনুমান করছি।”

হত্যাকারীরা বেশ কয়েকদিন আগে এ নারীকে হত্যা করে ঘরের ভিটির বালুর নিচে পুতে রাখতে পারে বলে করছে পুলিশ।

ওই ঘরের মালিক মামুন মিয়ার ভাই ডালিম মিয়া জানান, বেশ কিছুদিন আগে তাদের ঘর নির্মাণ শুরু হয়। ঘরের ভিটির চার দিক দিয়ে ইটের গাঁথুনি দিয়ে বালি দিয়ে তা ভরাট করা হয়। গত মঙ্গলবারও কাঠ মিস্ত্রিরা ঘরের চালের টিনের কাজ করেছিল।

“তিনদিন বিরতির পর শনিবার আবারো ঘরের টিনের বেড়ার কাজ করার সময় বিকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে। মাটির যে জায়গা থেকে দুর্গন্ধ পাওয়া গেছে সেখানে কিছু বালু সরালে মহিলার মাথার চুল বের হয়ে আসে।”

ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে শনিবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভিটির বালু সরিয়ে নিচ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নির্মাণাধীন ওই ঘর থেকে তাদের মূল বাড়িটি শ পাঁচেক গজ দূরে বিশনন্দী পশ্চিম পাড়ায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদ্ঘাটন করতে পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করছে।

হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবেন বলেও জানান তিনি।

লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।