২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2020, 01:12 AM

Updated : 08 Apr 2022, 01:07 AM

বৃহস্পতিবার বিকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কে পূবাইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পূবাইল আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র হৃদয় পাঠান (২১) ও তার বন্ধু টঙ্গীর শিলমুন এলাকার বাসিন্দা কলেজছাত্র শাকিল ভূঁইয়া (২০)।

হৃদয় পাঠান পূবাইলের মাঝুখান এলাকার রুস্তম পাঠানের ছেলে এবং শাকিল ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তিলাবু এলাকার মহসিন ভূঁইয়ার ছেলে।

গাজীপুর মহানগর পুলিশের পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বলেন, হৃদয় ও শাকিল মোটরসাইকেল নিয়ে বিকালে ঘুরতে বের হয়েছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

“এতে শাকিল ভূঁইয়া ঘটনাস্থলে এবং হৃদয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।