ভারতে পিটুনিতে নিহতদের দুইজন মৌলভীবাজারের
ভারতের করিমগঞ্জে দলবেঁধে পিটুতে নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় মিলেছে; তারা মৌলভীবাজারের বাসিন্দা।
পরিচয় পাওয়া নিহত দুইজন হলেন, বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে মো. নুনু মিয়া (২৮) এবং আব্দুল মানিকের ছেলে জুয়েল আহমদ (২৭)। পেশায় অটোরিকশাচালক এ দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানান বড়লেখার থানা ওসি ইয়াছিনুল হক।
এই নিহতদের পরিচয় স্থানীয় ইউপি চেয়ারম্যান, নিহতের পরিবারের সদস্য ও বিজিবি কর্মকর্তাও নিশ্চিত করেছেন।
বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস বলেন, নিহত তিনজনের মধ্যে দুজনের বাড়ি তালিমপুর ইউপির কাঞ্চনপুর এলাকায়।
নিহতদের পরিবারের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন- গত শুক্রবার জুড়ীতে বেড়াতে যাওয়ার কথা বলে ওই দুইজন বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে জুড়ী থানা থেকে পুলিশ ওই দুইজনের পরিবারের সদস্যদের ভারতে নিহত হওয়া খবর জানায়।
নিহত জুয়েল মিয়ার বড়ভাই রুবেল মিয়া বলেন, গত শুক্রবার একলোক নুনু ও জুয়েলকে তাদের বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার সকালে তারা জানতে পেরেছেন নুনু ও জুয়েল ভারতে গিয়ে মারা গেছেন। তবে তারা কী কারণে ভারতে গেলেন সে ব্যাপারে কিছুই জানেন না তিনি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, ভারতে নিহত হওয়া দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে।
“তাদের বাড়ি বড়লেখায় বলে নিহত পরিবারের সূত্রে জানতে পেরেছি। নিহত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
তিনি জানান, লাশ দেশে আনার জন্য বিএসএফের সাথে যোগাযোগ চলছে। মৃতদেহগুলো উদ্ধার করে ভারতের করিমগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত বাংলাদেশিরা গত শনিবার রাতে সীমান্ত পেরিয়ে করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা বাগান এলাকায় প্রবেশ করেন। এ সময় স্থানীয় লোকজন গরুচোর সন্দেহে তাদের ওপর চড়াও হন। এক পর্যায়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ভারতীয় পুলিশ নিহত ওই তিনজনের লাশ উদ্ধার করে বলে জানান এ ব্যাটালিয়ন অধিনায়ক।
গত পহেলা জুন ভারতের পাথারকান্দি থানার বৈঠাখাল বাগানে গরু চুরির অভিযোগে দলবেঁধে পিটুনিতে জুড়ী উপজেলার অপর এক বাংলাদেশির মৃত্যু হয়।
