নবাবগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইয়াবাসহ দুই ‘মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারুয়াখালী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন, শুভাষ বিশ্বাস (৫৫) উপজেলার বারুয়াখালী ইউনিয়নের মাদলা গ্রামের ধীরেণ বিশ্বাসের ছেলে এবং আবুল কালাম শিকদার (৫৪) সবুর শিকদারের ছেলে।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম বলেন, “রোববার সকালে আমি ও এসআই আল-আমীন সঙ্গীয় ফোর্সসহ চলমান মাদক অভিযানে বের হই।
“এ সময় বারুয়াখালী বাজারে শুভাষ তার আলু পেঁয়াজের দোকানে বসে সহযোগী আবুল কালামকে নিয়ে ইয়াবা বেচাকেনা করছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় শুভাষের পকেট এবং তার ছালার তহবিল থেকে ৬৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
