বন্যা: কুড়িগ্রামে পানিবন্দি দেড় লাখ মানুষ
কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে প্রায় সাড়ে তিনশ গ্রামের দুই লাখ পানিবন্দী মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি হু হু করে বাড়তে থাকায় এ দুটি নদীর অববাহিকার ৫০টি চরগ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।
“সাড়ে তিনশ চর ও নদী সংলগ্ন প্রায় সাড়ে তিনশ গ্রামের দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।”
আর বন্যা কবলিত এলাকায় প্রায় ৩ হাজার ৬শ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে আরিফুল জানান।
তিনি বলেন, “প্রবল স্রোতে টিকতে না পেরে অনেকেই রাস্তা, বাঁধ ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি বৃষ্টির কারণে তাদের ভোগান্তি বাড়ছে; সংঙ্কট দেখা দিয়েছে গো-খাদ্যের। এচাড়া কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কসহ জেলা সদরের সঙ্গে বেশ কয়েকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
“চরাঞ্চলের অনেকেই উঁচু ভিটা, নৌকা ও চৌকির উপর আশ্রয় নিয়েছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে নিকটবর্তী বাঁধ, রাস্তা, আশ্রয়কেন্দ্র ও স্কুলে। তবে প্রবল বর্ষণের কারণে খোলা আকাশের নিচে অবস্থান নেওয়া পরিবারগুলোর দুর্ভোগ চরমে উঠেছে।”
এদিকে পানিবন্দি লোকজনদের অভিযোগ, গত ৫দিন ধরে তারা চরম দুর্ভোগে দিন পার করলেও কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছেনি।
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বেলেন, বন্যা ও ভাঙন কবলিত এলাকায় লোকজনদের সরিয়ে আনতে কাজ করছে উপজেলা প্রশাসন। এছাড়া বন্যা ও ভাঙন কবলিত ৯ উপজেলায় ৩০২ মেট্রিকটন চাল ও ৩৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ চলছে; দ্রুত সময়ে তাদের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
