২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জমিতে নলকূপ বসাতে বাধা, ‘প্রতিপক্ষের পিটুনিতে’ নিহত

ফেনীতে নিজের জমিতে নলকূপ বসাতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের পিটুনিতে এক ব্যক্তির প্রাণ গেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2020, 12:23 PM

Updated : 08 Apr 2022, 01:00 AM

সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর হকদি গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন জানান।

নিহত আবদুল লতিফ (৪৫) ওই গ্রামের মোহাম্মদ আলী ভূঞা বাড়ির ওহিদের রহমানের ছেলে।

নিহতের ভাতিজা মো. দেলোয়ার বলেন, তার চাচার কেনা জমিতে জোর করে টিউবওয়েল বসাচ্ছিলেন স্থানীয় মোমিন মিস্ত্রী। এ সময় চাচা তাদের বাঁধা দিতে গেলে মোমিন ও তার সহযোগী জাফরসহ কয়েকজন ব্যক্তি তার উপর হামলা চালায়।

“ একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও এলোপাতাড়ি কিল-ঘুষির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের পিটুনিতে চাচা বুকে আঘাত পেয়ে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসককেরা তাকে মৃত ঘোষণা করেন “

ইউপি সদস্য জসিম বলেন, “নিজের কেনা জমিতে টিউবওয়েল বসানোর প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের হামলার ঘটনায় আবদুল লতিফ নিহত হন।”

ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতারের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; তদন্ত করে  জড়িতদের আইনের আওয়তায় আনা হবে।