নকল স্যানিটাইজার: আট প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা
ক্ষতিকর রাসায়নিক দিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করায় আটটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালায় বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট মো. আকতারুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অভিযানে নয় মামলায় আটটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা, দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দুটি প্রতিষ্ঠান সিলগাল করা হয়েছে।
তিনি বলেন, “হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব তৈরিতে মূলত ব্যবহার করতে হয় আইসোপ্রোপাইল অ্যালকোহল, যা শরীরের জন্য ক্ষতিকারক নয় বরং জীবাণুনাশক।
“কিছু অসাধু চক্র শরীরের জন্য ক্ষতিকারক ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল মিথানল দিয়ে তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব। সঙ্গে ব্যবহার করছে বিষাক্ত রং।”
ম্যাজিস্ট্রেট মো. আকতারুজ্জামান বলেন, অভিযানে প্রায় চার হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব, ৫০ কেজি ওজনের ১৪টি ড্রামে খোলা হ্যান্ড স্যানিটাইজার এবং দুই হাজার লিটার জি লিকুইড হ্যান্ড স্যানিটাইজার জব্দ করা হয়।
এ ধরনের হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে প্রতিষ্ঠানগুলোর কোনো অনুমোদনও ছিল না বলে জানান তিনি।
“বাজারে এক কেজি আইসোপ্রোপাইল অ্যালকোহলের দাম ২৫০ টাকা আর মিথানলের দাম ৫০ টাকা। তাই এই অসাধু চত্রুটি এভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে।”
