২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচি উপজেলা যুবলীগ কমিটি বিলুপ্ত

শৃংখলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2020, 01:48 AM

Updated : 10 Oct 2022, 07:15 PM

শুক্রবার রাতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক জানান, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পত্রে এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

২০১৩ সালে উপজেলা ছাত্রলীগ সভাপতি পদে থাকাবস্থায় সাজ্জাদুল হক রেজাকে আহবায়ক করে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি।

কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি শালিস বৈঠককে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সভাপতির সঙ্গে বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা বিরোধে জড়িয়ে পড়েন। “গণমাধ্যমে প্রচারের পর বিষয়টি নজরে আসায় কেন্দ্রীয় যুবলীগ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে সাজ্জাদুল হক রেজার নেতৃত্বাধীন আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।”

গত ৬ জুন একটি শালিস বৈঠককে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার ১১ দিন পর ১৮ জুন পাল্টপাল্টি মামলা হয়। ওই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ জুন) সাজ্জাদুল হক রেজার সমর্থকরা কয়েক হাজার লোকের সমাগম ঘটিয়ে উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেন।