রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে; এ নিয়ে ক্যাম্পে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
মঙ্গলবার বিকালে কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডা. মো. তোহা ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারী (৫০) উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী সংলগ্ন ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
তোহা বলেন, “করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারী অসুস্থতা বোধ করলে গত ১৬ জুন নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৮ জুন তার পরীক্ষার ফলাফল পজেটিভ শনাক্ত হয়।
“শনাক্ত হওয়ার পরপরই তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ ফিল্ড হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয়েছে। ”
শরণার্থী কার্যালয়ের এ স্বাস্থ্য সমন্বয়ক জানান, এরআগে আরো চারজন রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৬ জন বলে জানান ডা. তোহা ভূঁইয়া।
