কোভিড-১৯: কোটালীপাড়ার মেয়র আক্রান্ত
উপসর্গ ছাড়াই গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সোমবার রাতে শনাক্ত হওয়ার খবর পাওয়ার পর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন বলে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত বৈদ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার মেয়রসহ উপজেলা থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়। সোমবার রাতে পরীক্ষার প্রতিবেদন আসে। এই ১২ জনের মধ্যে মেয়রসহ আটজনের পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে মেয়র বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তার কোনো উপসর্গ নেই। তিনি ভাল আছেন।
মেয়র কামাল বলেন, “আমি ভাল আছি। সুস্থ আছি। কোটালীপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে আমি কোটালীপাড়া উপজেলার সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন অসহায় মানুষকে মানবিক খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছি। তাদের পাশে দাঁড়িয়েছি।
“কোটালীপাড়াবাসীর জন্য কাজ করতে গিয়েই আমি আক্রান্ত হয়েছি। তবু আমার মনোবল অক্ষুণ্ণ রয়েছে। দ্রুত সুস্থতার জন্য কোটালীপাড়াবাসীর কাছে দোয়া চাই।”
