ঠাকুরগাঁওয়ে নিখোঁজের পরদিন শিশুর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের পরদিন পুকুর থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল আলম প্রধান জানান, রোববার সকালে উপজেলার ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামের পুকুর থেকে জুলফিকার হাসান জয় (১২ নামে এই শিশুর লাশ উদ্ধার করেন তারা।
জয় ওই গ্রামের হজরত আলীর ছেলে। উপজেলার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সে।
ওসি আলম পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা ১২টার দিকে জয় নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রোববার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আলম বলেন, নিশ্চিত করে বলা যাচ্ছে না তাকে হত্যা করা হয়েছে নাকি জলডুবি হয়ে মারা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে জানা যাবে।
