ময়মনসিংহের পিসিআর ল্যাবে আটকে শেরপুরের ২৫৪ নমুনা
ময়মনসিংহের পিসিআর ল্যাবে ‘কারিগরি ত্রুটির’ কারণে গত তিনদিন ধরে শেরপুর জেলার কোন নমুনা পরীক্ষা হচ্ছে না। এতে এ জেলার ২৫৪ টি নমুনা আটকা পড়ে আছে।
শনিবার জেলার সিভিল সার্জন ডা. একেএম আন্ওয়ারুর রউফ এ কথা জানান।
তিনি বলেন, “কারিগরি ত্রুটির কারণে বুধ ও বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শেরপুরের কোন নমুনা পরীক্ষা হয়নি। শুক্রবার পিসিআর ল্যাব চালু হলেও শেরপুরের কোন নমুনা পরীক্ষা হয়নি ।”
জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ২ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা শেষে মোট ১৯২ জনের আক্রান্তের বিষয়ে জানা গেছে বলে আন্ওয়ারুর জানান।
তিনি বলেন, “আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০২ জন। মারা গেছে ৩ জন।”
