২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বেড়ে তলিয়ে গেল ফরিদপুরের চরে বাদামের আবাদ

ফরিদপুরের বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে চরাঞ্চলের কিছু বাদাম ও তিলক্ষেত তলিয়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 12:50 PM

Updated : 10 Oct 2022, 07:14 PM

কয়েক দিন ধরে জেলার পদ্মা, মধুমতী ও আড়িয়াল খাঁ নদে পানি  বাড়ছে বলে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১২ সেন্টিমিটার পানি বেড়েছে।

সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের নমোডাঙ্গী, ধলার মোড়, সিঅ্যান্ডবি ঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, পদ্মার পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পানি বেড়ে যাওয়ায় চরাঞ্চলে বাদাম ও তিলক্ষেত তলিয়ে গেছে।”

পানি বৃদ্ধির গতি দেখে বন্যার আশঙ্কা করছেন ধলার মোড় এলার কৃষক টিপু সুলতান।

তিনি বলেন, “পানি যে হারে বাড়তিছে তাতে মনে হচ্ছে যে এবার বন্যা হবে।  একদিকে করোনাভাইরাস আর অন্যদিকে যদি বন্যা হয় তাহলে এ অঞ্চলের কৃষক-শ্রমিক দুরবস্থায় পড়বে।”

সরকারের বন্যা মোকাবিলার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রেজা।

তিনি বলেন, “চরাঞ্চলের মানুষদের জন্য বন্যা মোকাবিলার জন্য চাল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া যারা পানির কারণে কৃষিতে ক্ষতির মুখে পড়বে তাদের জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা রয়েছে।”