ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার
গাজীপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত যুবক গাজীপুরের কাপাসিয়ায় ভুবনেরচালা গ্রামের মোবারক হোসেন (২৮)। তার মা নিলুফা বেগমের মামলায় গ্রেপ্তারকৃত তার বাবা শফিউল্লাহ (৫৫)।
স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, মোবারক হোসেন কোনো কাজ-কর্ম করতেন না, বেকার ছিলেন। নেশা করতেন। নেশার টাকা না দিলে তিনি তার বাবাসহ পরিবারের লোকজনের সাথে প্রায়ই ঝগড়া করতেন। এর জের ধরে বুধবার রাতে তাদের বাড়িতে তার বাবা, ভাইসহ কয়েকজন মোবারককে পেটায়। এতে তার মৃত্যু হয়।
ওসি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে নিহতের মা নিলুফা বেগম বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
