শিকারি থেকে প্রাণী সংরক্ষক সিতেশ দেব
এক সময় যিনি বন্দুক হাতে নিয়ে শিকার করে বেড়াতেন, সময়ের পরিক্রমায় তিনি হয়ে উঠেছেন প্রাণীর বন্ধু।বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন গড়ে আহত, অসুস্থ পশু-পাখিকে সেবা দিয়ে তিনি ছেড়ে আসেন প্রকৃতির মাঝে। আবার কিছু কিছু স্থান পায় তার চিড়িয়াখানায়।
সিতেশ রঞ্জন দেবের বয়স এখন ৭২ বছর। শিকার করতে গিয়েই তিন দশক আগে ভয়ঙ্কর এক ঘটনায় তার জীবন পাল্টে যায়। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে নতুন জীবনে তিনি হয়ে ওঠেন প্রাণী সংরক্ষক।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মিনি চিড়িয়াখানাটি তারই গড়া। নিজের সীমিত অর্থে তিনি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কাজ চালিয়ে যাচ্ছেন। আর্থিক সহায়তা পেলে আরও ভালোভাবে কাজ করতে পারবেন বলে তিনি মনে করেন।
দীর্ঘ পথচলার কথা বলতে গিয়ে অতীতে হারিয়ে যান সিতেশ রঞ্জন দেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার নানা অভিজ্ঞাতার কথা।
শ্রীমঙ্গল উপজেলায় এক সময় ঘন বন ছিল। প্রচুর জীবজন্তু ও পশু-পাখির আবাস ছিল। তখন প্রায়ই লোকজন হিংস্র জীবজন্তুর আক্রমণের শিকার হত। সরকারিভাবে অনুমোদন ছিল শিকারের। যারা শিকার করতেন তারা সমাজে সাহসী হিসেবে মর্যাদা পেতেন, শিকারের জন্য পুরস্কারও দেওয়া হত।
সিতেশ দেব বলেন, তার বাবা শীষ দেব এই অঞ্চলের নামকরা শিকারি ছিলেন। কোথাও বন্যপ্রাণীর আক্রমণ, উপদ্রব বেড়ে গেলে ডাক পড়ত শীষ দেবের। দেশ বিদেশের সৌখিন শিকারিরাও শ্রীমঙ্গলের ঘন বনে শিকারে আসতেন। আর বরাবরই তাদের সফর সঙ্গী হতে হত শীষে দেবকে।
ছোট্ট সিতেশ কথনও-সখনও বাবার সঙ্গে শিকারে যাওয়ার বায়না ধরতেন। কখনও কখনও তিনি লুকিয়ে বাবার পিছন পিছন চলে যেতেন। দুয়েকবার বাবা নিজে থেকেই নিয়ে গেছেন শিকারে। এভাবে একদিন সিতেশ রঞ্জন দেবও হয়ে উঠলেন পাকা শিকারি।
সিতেশ বলেন, শিকার করতে গিয়ে অনেক সময় তিনি নিজেও জীবস্ত প্রাণী ধরে বাড়ি এনে পুষতেন; আহত হলে তাদের সেব-শুশ্রুষা করে সুস্থ করে তুলতেন।
লোকালয়ে কোনো বন্যপ্রাণীর উপদ্রপ হলে সেগুলো শিকার করা বা তাড়িয়ে দেওয়ার জন্য ডাক পড়ত সিতেশ বাবুর। বিভিন্ন চা বাগানের ম্যানেজার তাকে সঙ্গে করে নিয়ে যেতেন শিকারে।
শ্রীমঙ্গলে এক সময় চিতাবাঘ ও বন্য শুকরের উপদ্রব ছিল এবং তারা মানুষের গোয়ালে ঢুকে গরুর বাছুর মারত।কখনও কখনও বনে গরু চড়ানোর সময়ও চিতাবাঘের হামলা হত বলে জানান সিতেশ দেব।
শিকারের জন্য তখন বিভিন্ন সময় সরকারের পাস দেওয়া হত, যার আওতায় নির্দষ্ট সংখ্যায় পশু বা পাখি শিকার করা যেত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিতেশ জানান, দেশ স্বাধীন হওয়ার পর এক দিনের জন্য ১০ টাকায় বন বিভাগের পাস নিয়ে সর্বোচ্চ ১৫টি পশু বা পাখি শিকার করা যেত। তবে সব ধরনের প্রাণী শিকারের অনুমতি ছিল না। বন বিভাগ যেসব প্রাণী মারার অনুমতি দিতে শুধু সেগুলোই মারা যেত।
“পরে একই সংখ্যক শিকারের জন্য দেড় দিনে বন বিভাগ ফি ঠিক করে দেয় ৫০ টাকা। তৃতীয় ধাপে এটি পরিবর্তন করে ৬ মাসের জন্য ৫ হাজার টাকা করা হয়। তবে বর্ষায় পশু-পাখির প্রজননের সময় কোনো অবস্থাতেই শিকারের অনুমতি দেওয়া হত না।”
বন্যপ্রাণীর উপদ্রব হলে সিতেশ দেবের ডাক
স্মৃতিচারণ করতে গিয়ে সিতেশ বাবু জীবনের নানা মজার অভিজ্ঞতার কথাও বলেছেন।
শ্রীমঙ্গল জাগছড়া চা বাগানের এক শ্রমিক একবার এসে সিতেশকে জানালেন, তাদের বাগানে বড় বড় কয়েকটি কুকুর এসে খেলা করছে।
সেই কথা শুনে ওই বাগানে গিয়ে সিতেশ দেখেন, ওগুলো কুকুর নয়, চিতা বাঘ। বিষয়টি জানানোর পর বাগানের সবাই দিকবিদিক ছোটাছুটি শুরু করে দেয়।
সিতেশ দেব ১৯৭৩ সালে বন্দুক ব্যবহারের লাইসেন্স নেন। মানুষকে আক্রমণ করা বহু প্রাণীকে তিনি তাড়িয়ে দিয়েছেন; কখনওবা শিকার করেছেন। বনমোরগ, হরিণ ও অন্যান্য পাখিও শিকার করতেন।
এভাবে শিকার করতে করতে একদিন ভয়ঙ্কর এক ঘটনায় সিতেশ বাবুর জীবন পাল্টে যায়। সেদিন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।
পাত্রখলা চা বাগানের আদিবাসীদের ফসল বন্য শূকর নষ্ট করছিল। এজন্য তারা সিতেশ বাবুর শরণাপন্ন হয়। সিতেশ বাবুও ছুটলেন তাদের কথামতো শূকর তাড়াতে।
তার ভাষায়, ১৯৯১ সালের ১৪ জানুয়ারি খুব ভোর বেলায় ঘন কুয়াশার মধ্যে ধলই ভেলির পাত্রখলা চা বাগানের নলখাগড়ার বনের ভেতর দিয়ে চলছিলেন বন্দুক হাতে। জায়গাটি ছিল ভারতীয় সীমান্তের কয়েকশ গজের মধ্যে।
বন্যশূকরের সন্ধানে চারদিকে প্রখর নজর রেখে এগিয়ে চলছিলেন সিতেশ বাবু। পেছনে পাত্রখলা চা বাগানের কয়েকজন শ্রমিকও ছিল তার সঙ্গে। বাকিরা ছিল বেশ পিছনে।
“পথে চলতে চলতে হঠাৎ অনুভব করলাম উঁচু কিছুতে পা পড়েছে আমার এবং সেটি আমাকে ফেলে দিচ্ছে। মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির একটি ইন্ডিয়ান ভালুক থাবা দেয় আমারে মুখের এক পাশে। সঙ্গে সঙ্গে আমি লুটিয়ে পড়ি হাতে থাকা বন্দুক দিয়ে গুলি চালাই। গুলি লেগে ভালুকটিও লুটিয়ে পড়ে মাটিতে।”
গুলির শব্দ পেয়ে পেছনে থাকা সঙ্গীরা ছুটে গিয়ে মৃত ভাল্লুকের পাশ থেকে সিতেশ বাবুকে উদ্ধার করে। ভালুকের এই হামলায় সিতেশ বাবু একটি চোখ, নাক ও মুখের একাংশ পুরো নষ্ট হয়ে গেছে।
পাথরকলা বাগানের ম্যানেজার নিজের গাড়ি দিয়ে সিতেশবাবুকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পাঠানো হয় ঢাকায় পঙ্গু হাসপাতাল। সেখান থেকে সিএমএইচে। পরে নেওয়া হয় কলকাতা।
সেনাবাহিনীতে কর্মরত সিতেশবাবুর পরিচত কর্মকর্তার সহায়তায় সেবার তিনে প্রাণে বেঁচে যান। তবে মুখের অবয়ব সম্পূর্ণ পাল্টে যায়। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সাতবার অপারেশন শেষে তার মুখে প্লাস্টিক সার্জারি করা হয়। এখন তিনি এক চোখ, মুখে লাগানো দাঁত ও নাকের একটা ফুটো দিয়ে শ্বাস-প্রশ্বাস চালিয়ে বেঁচে আছেন। সিতেশ বাবুর মতে এটি তার ‘দ্বিতীয় জীবন’।
‘দ্বিতীয় জীবন’ পাওয়ার পর পালটে গেছে সিতেশ দেব। এখন তিনি শিকার করেন না। আগেও তার প্রাণীর প্রতি তার ভালোবাসা ছিল; তবে এখন হয়ে উঠেছেন পুরোপুরি প্রাণী প্রেমিক।
নিজের গড়া মিনি চিড়িয়াখানায় প্রাণীদের নিয়ে তার দিন কাটে। যখনই কোথাও থেকে প্রাণী ধরা পড়া বা আহত হওয়ার খবর পান তখন দিন বা রাত না ভেবে ছুটে যান সিতেশ বাবু। উদ্বার করে আনা প্রাণীগুলোকে সন্তানের মতো লালনপালন করেন। সুস্থ হওয়ার পর আবার কোনো কোনোটি বনে অবমুক্ত করেন।
অনেক বন্যপ্রাণী এখন বিপন্ন। জঙ্গল ও ঝোপঝাড় কমে যাওয়ায় অনেকগুলো বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া মানুষের হাতে মারাও পড়ছে অনেক প্রাণী। মাঝে মাঝে লোকালয়ে এসে মানুষের রোষে কিংবা রাস্তায় উঠে গাড়িচাপা পড়ে মারা যায় অনেক প্রাণী। এসব প্রাণীদের কোনো কোনোটা বেঁচে গেলে সিতেশবাবু তাদের তুলে আনেন। স্থান দেন তার মিনি চিড়িয়াখানায়।
এই চিড়িয়াখানা চালানোর জন্য প্রতিদিনই প্রাণীর খাবারের সন্ধানে তাকে ছুটে যেতে হয় পোকামাকড়, ইঁদুর ও জ্যন্ত সাপ ধরার জন্য। এছাড়া ফল, সবজীভোজী ও মাংশাসী প্রাণীর জন্য তার একমাত্র আয়ের অবলম্বন দুটি ফিশারি। বছরের পর বছর এসব কাজ করতে করতে সিতেশ বাবু অনেকটা কাহিল হয়ে পড়েছেন। অথনৈতিক টানাপোড়নে মাঝে মধ্যে হাতশ হয়েও পড়েন। কিন্তু প্রাণীর প্রতি মমত্ব থেকে ৭২ বছর বয়সেও চলছে তার এই পথচলা।
সিতেশ দেব জানান, বাংলাদেশ ব্যাংক এর প্রাক্তন গর্ভনর আতিউর রহমানের পরামর্শে তিনি ২০১১ সালে গড়ে তোলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এই সেবা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর বন্যপ্রাণী উদ্ধার ও সেবাযত্ন বেড়ে যায়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দেওয়া তথ্য মতে, ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় অর্ধশত প্রজাতির বিপন্ন প্রাণী সুস্থ করে বিভিন্ন সময়ে বনে অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে দুর্লভ ও বিলুপ্তপ্রায় নানান প্রজাতির প্রাণীও রয়েছে।
সিতেশ দেবের চার ছেলের মধ্যে তিন ছেলে সন্তোষ দেব, সজল দেব ও সঞ্জিত দেব বাবার সঙ্গে এই কাজে নিয়োজিত আছেন। এক ছেলে থাকেন প্রবাসে। শুধু ছেলে নয় সীতেশ দেবের সহধর্মীনী ও মেয়েরাও তাকে সহায়তা করেন।
সিতেশ রঞ্জন দেব বলেন, “আর পেরে উঠছি না। ধরা পড়া প্রাণীকূলকে রক্ষার জন্য প্রয়োজন আরও অবকাঠামোগত উন্নয়ন ও জনবল। প্রাণীদের চিকিৎসা ও খাদ্য সরবরাহে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন।”
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “অর্থসংকটের মুখে সেবা আশ্রমটিকে টিকিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। গ্রামেগঞ্জে কিছু ঝোপঝাড় স্থাপন ও বনকে রক্ষা করা দরকার। চা বাগানের নিয়ম অনুযায়ী টিলার উপরের অংশ জঙ্গল রাখা যায়।”
