সাভারে রোগীর মৃত্যু, টাকার বিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষের সমঝোতা
ঢাকার সাভারে রোগীর মৃত্যুতে এক বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ টাকার বিনিময়ে সমঝোতা করায় থানায় দেওয়া ‘অবহেলায় মারা যাওয়ার অভিযোগ’ তুলে নিয়েছে মৃতের স্বজনরা।
সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ‘ইসলামিয়া ডিজিটাল ল্যাব এন্ড হসপিটাল’ এ গত রোববার রাতের এ ঘটনা মঙ্গলবার প্রকাশ্যে আসে।
এ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পর মারা যান ধামরাইয়ের কুশুরা গ্রামের আমির হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৫৫)।
রোববার রাতে তার মৃত্যুর পর সাভার মডেল থানায় অভিযোগ দেয় মৃতের স্বজনরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে রোববার রাতেই তিনি ঘটনাস্থলে যান কিন্তু এর আগেই স্বজনেরা লাশ নিয়ে বাড়ি চলে যান। এ সময় হাসপাতালও তালাবদ্ধ পান তিনি।
মনিরুজ্জামান বলেন, সে সময় মোবাইল ফোনে যোগাযোগ করলে ‘মামলা করবে না বলে সমঝোতা হয়ে গেছে’ বলে মৃতের ছেলে আজিজুল তাকে জানিয়েছেন।
উপ-পরিদর্শক জানান, সোমবার মৃতের ছেলে থানায় এসে ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে করা অভিযোগটি লিখিতভাবে প্রত্যাহার করে গেছেন।
অন্যদিকে, এ ঘটনার বিবরণ দিয়ে নিহতের ছেলে আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিত্ত থলির পাথর অপসারণের জন্য স্থানীয় এক দালালের মাধ্যমে তার মাকে গত রোববার বিকাল ৩টার দিকে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়। রাত সোয়া ১০টার দিকে তার মাকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এর আধা ঘণ্টার মধ্যে অচেতন অবস্থায় অস্ত্রোপচার কক্ষ থেকে বের করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনাম মেডিকেলে নেওয়ার পর সেখানকার চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন।
“চিকিৎসকের অজ্ঞতা ও অবহেলার কারণে অস্ত্রোপচারের আগেই মা মারা গেছেন। মায়ের মৃত্যুর পর চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাভার মডেল থানায় অভিযোগ করা হয়।”
তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ‘প্রভাবশালীদের চাপে এক লাখ টাকার বিনিময়ে আপোস করতে বাধ্য হন তারা’ বলে জানান আজিজুল।
এ বিষয়ে ইসলামিয়া ডিজিটাল ল্যাব অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোশারফ হোসেন ভুইয়া বলেন, “হাসপাতালে তো রোগী মরবেই।
“তাছাড়া ওই রোগীর পিত্ত থলিতে পাথর ছিল, কিডনিতে সমস্যা ছিল। মারা যাওয়ার পর জানতে পারছি তার করোনাভাইরাস হইছিল।”
তবে তারা ওই নারীর করোনাভাইরাসের কোনো পরীক্ষা করাননি বলেও জানান তিনি।
মৃতের স্বজনদের সাথে টাকার বিনিময়ে সমঝোতা হয়েছে বলেও স্বীকার করেন ডা. মোশারফ।
এ বিষয়ে জানতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার মোবাইল ফোনে একাধিবার ফোন করলেও তিনি ধরেননি।
