‘শিক্ষকরা ব্যস্ত প্রাইভেটে’, কাশিয়ানীতে এসএসসির ফল খারাপ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ‘শিক্ষকরা অতিমাত্রায় প্রাইভেট পড়ানো নিয়ে ব্যস্ত থাকায়’ এসএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে বলে উপজেলা প্রশাসনের এক প্রতিবেদনে উঠে এসেছে।
কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজা বেগম সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদের কাছে এই প্রতিবেদন জমা দেন।
মাহাফুজা বলেন, উপজেলার ৩৭টি স্কুলের ৩২১০ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৭৫৪ জন। দাখিলে পাস করেছে ৩৪০ জনের মধ্যে ১৬৪ জন। ভকেশনালে পাস করেছে ১৫০ জনের মধ্যে ৬১ জন।
গত ৩১ মে ২০২০ সালের এসএসসির ফল প্রকাশিত হয়। এতে ঢাকা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৩২ শতাংশ। কিন্তু কাশিয়ানী উপজেলায় পাসের হার মাত্র ৫৪ দশমিক ৬৯ শতাংশ হওয়ায় উপজেলা প্রশাসন থেকে ফল খারাপ হওয়ার কারণ উদঘাটন করতে অনুসন্ধান করে প্রতিবেদন দিতে বলা হয় মাহাফুজা বেগমকে।
মাহাফুজা বলেন, ৩৭টি স্কুলের মধ্যে ১৯টিতে নির্বাচনী পরীক্ষায় সাধারণ গণিত ও ইংরেজি বিষয়ে ফেল করা ৬৩৭ শিক্ষার্থীকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্যে ৪৫৩ জন ফেল করেছে। এছাড়া এসব বিদ্যালয় থেকে নির্বাচনী পরীক্ষায় পাস করা ২৬১ জন শিক্ষার্থীও ফেল করেছে। সাধারণ গণিত ও ইংরেজির দুই বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।
“শিক্ষকরা অতিমাত্রায় প্রইভেট বাণিজ্যে জড়িত থাকায় তারা শ্রেণিতে পাঠদানে আন্তরিক নন। এছাড়া অভিভাবকদের উদাসীনতায় শিক্ষার্থীরা পাড়াশোনায় মনোযোগী না হয়ে স্মার্ট ফোনে আসক্ত হয়ে পড়েছে। এসব কারণে ফল বিপর্যয় ঘটেছে।”
প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং করে কার্যকর পদক্ষেপনেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও সাব্বির আহমেদ।
তিনি বলেন, “শিক্ষা কর্মকর্তা সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে আমরা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও প্রবীণ শিক্ষাবিদদের সঙ্গে বসব। তাদের পরামর্শ নেব। সবার সমন্বয়ে ফল বিপর্যয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।”
