জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে ১৭ কক্ষে চুরি
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের ১৭টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে।
তবে ছাত্রীরা হলের বাইরে থাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।
গত শুক্রবার সকালে চুরির বিষয়টি হল প্রশাসনের নজরে আসে বলে জানিয়েছেন প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা।
তিনি বলেন, “শুক্রবার সকালে প্রীতিলতা হলের দুটি ব্লকের ১৭টি কক্ষের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়। হলের সিসি ক্যামেরা নষ্ট থাকায কীভাবে এ ঘটনা ঘটেছে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা ধারণা করছি বৃহস্পতিবার রাতে বিভিন্ন রুমের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটেছে।”
চুরির বিষয়টি শনিবার সংশ্লিষ্ট রুমের ছাত্রীদের জানানো হয়েছে বলে জানান তিনি।
ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে জানিয়ে আয়শা সিদ্দিকা বলেন, “তদন্ত শেষে আমরা এ বিষয়ে সঠিক তথ্য জানতে পারব। তদন্ত প্রতিবেদন পেলে সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রীতিলতা হল কর্তৃপক্ষ ও হলের আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার নিয়মিত পর্যবেক্ষণেও চুরির বিষয়টি লক্ষ করা যায়নি। তবে শুক্রবার সকালে হলের ‘এ’ ব্লকের ২০১, ২০৩, ২১১, ২১৬, ২১৭, ৩০১ ও ৩০৫ এবং ‘বি’ ব্লকের ১১৩, ২০২, ২১২, ২১৩, ২২২, ৩০৯, ৪০৩, ৪১২ ও ৪২১ নম্বর কক্ষসহ একটি স্টোর রুমের দরজার তালা ভাঙা দেখতে পেলে চুরির বিষয়টি নজরে আসে।
পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকার পরও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রীরা।
প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন বলেন, "শনিবার সকালে হলের প্রভোস্ট জানিয়েছেন আমাদের রুমের তালা ভাঙা। রুমে আমার পাঁচ হাজারের মতো টাকা, গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও কাগজপত্র ছিল। এছাড়া জামা-কাপড় ও সাইকেল ছিল। এসব নিয়ে খুবই চিন্তায় আছি। এত নিরাপত্তা থাকা স্বত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটে!"
হলের আরেক আবাসিক শিক্ষার্থী আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী আশরেফুল নাহার বলেন, “ছোটখাটো চুরির ঘটনা আগেও ঘটেছে। রমজানের ছুটিতেও চুরি হয়েছে গণরুমে। হলে যে কেউ চাইলেই ঢুকতে পারে। প্রায়ই বারান্দা থেকে জামাকাপড় চুরির ঘটনা ঘটত।”
প্রীতিলতা হলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এর আগেও হল প্রশাসনকে বারবার অবহিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন ছাত্রীরা।
আইন ও বিচার বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিদিতা তাহসিন বলেন, “হলে চুরির ঘটনা নতুন নয়। তারপরও হল প্রশাসনের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটছেই। হলে সিসি ক্যামেরা, নিরাপত্তাপ্রহরী থাকতে কীভাবে এ ধরনের ঘটনা ঘটে তা আমাদের বোধগম্য নয়। এসব বিষয়ে বারবার হল প্রশাসনকে অবহিত করা হলেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।”
নাম প্রকাশ না করার শর্তে হলের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের তৃতীয় বর্ষের আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, হল প্রশাসনের মধ্যে ছাত্রীদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে একটু উদাসীনতা বরাবরই লক্ষ করা গেছে। সম্প্রতি যৌন হয়রানির দায়ে একজন গার্ডকে চাকরিচ্যুত করতে অভিযোগকারীকে কঠোর আন্দোলন করতে হয়েছে। খুব সহজেই নাম-পরিচয় ব্যতীত যেকেউ হলে ঢুকে যেতে পারে। অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়ে এই হলে থেকেছেন বছরের পর বছর এমন রেকর্ডও আছে।
এসব অভিযোগের বিষয়ে হলের প্রাধ্যক্ষ আয়শা সিদ্দিকা বলেন, "হলের সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট হয়ে গেছে। সিসি ক্যামেরা কার্যকর করতে অনেক চেষ্টা করেছি। এবারের ঘটনাটি অপ্রত্যাশিত। হল সুপারের কাছে শোনার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।"
এ বিষয়ে প্রাধ্যক্ষ কমিটির সভাপতি বশির আহমেদ বলেন, "আমাদের কয়েকজন গার্ড করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয় ‘লকডাউনের’ কারণে নিরাপত্তার কাজটি আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। এই চুরির ঘটনার পর প্রতিটি হলের প্রাধ্যদের হলের নিরাপত্তা আরও জোরদার করতে বলা হয়েছে। তারা বিষয়টি আমলে নিয়ে কাজও শুরু করেছেন।"
