পিরোজপুরে তিন শিশুকে ‘গাছে বেঁধে নির্যাতন’, গ্রেপ্তার ২
পিরোজপুরে বাগান থেকে মাল্টা ছেঁড়ায় তিন শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শনিবার রাতে স্বরুপকাঠী থানায় মামলার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে বলে ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন।
তিনি মামলার নথির বরাতে বলেন, শনিবার সকালে উপজেলার চামি গ্রামের তিন শিশু স্থানীয় আব্দুল জব্বার মিয়ার (৬০) বাগান থেকে কয়েকটি মালটা ছিঁড়ে নেয়। এ ঘটনায় জব্বারের ছেলে হাসান শিশুদের চড়থাপ্পড় দিয়ে আটকে রাখেন। পরে জব্বার শিশুদের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করেন।
পরে নির্যাতনের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ শিশুদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিত এক শিশুর বাবা মামলা করলে পুলিশ জব্বার ও তার ছেলে হাসানকে গ্রেপ্তার করে বলে জানান ওসি কামরুজ্জামান তালুকদার।
