মহামারীতে বেকার গোপালগঞ্জের ভাঙ্গারি ব্যবসায়ী
করোনাভাইরাস মহামারীতে ‘বকেয়া না পাওয়ায় পুঁজি সংকটে’ বেকার হয়ে পড়েছেন গোপালগঞ্জের অনেক ভাঙ্গারি ব্যবসায়ী।
তারা বলছেন, গত ২৫ মার্চ থেকে দুই মাসের বেশি সময় প্রায় সবকিছু বন্ধ থাকায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ভেঙে পড়েছে।
জেলার কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী মো. রাসেল ব্যাপারি বলেন, তিনি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় নৌকায় করে ঘুরে ঘুরে ভাঙ্গারি মাল সংগ্রহ করেন। এ কাজ তিনি ফড়িয়া-ফেরিওয়ালাদের মাধ্যমে করেন।
“এসব মাল ঢাকায় পাঠাই। কিন্তু মহামারীর কারণে বকেয়া পড়েছে। বকেয়া না পাওয়ায় ব্যবসা বন্ধ হয়ে গেছে। এখন আর শুরু করতে পারছি না। আবার কবে শুরু হবে তারও ঠিক নেই।”
কোটালীপাড়া উপজেলায় অর্ধশতাধিক ভাঙ্গারি ব্যবসায়ী বরিশাল, ভোলা, পিরোজপুর, নড়াইল, বাগেরহাট, বরগুনা, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় নৌকায় ঘুরে ঘুরে এসব ভাঙ্গারি মাল সংগ্রহ করেন বলে জানান রাসেল ব্যাপারি।
তিনি বলেন, তাদের সঙ্গে রয়েছেন প্রায় তিন হাজার ফেরিওয়ালা। তারাই বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন ভোগ্যপণ্যের বিনিময়ে ভাঙ্গারি মাল সংগ্রহ করে আনেন।
এই ব্যবসায়ীদের মতই বেকার হয়ে পড়েছেন ফেরিওয়ালারা।
ফরিদ শেখ নামে একজন ফেরিওয়ালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহামারীতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় তারা এখন পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
“ব্যবসা শুরু না হলে আমাদের দুর্ভোগ পোহাতে হবে।”
পরিস্থিতি মোকাবিলার জন্য ব্যবসায়ীরা সরকারের কাছে স্বল্প সুদে ঋণসহায়তা চেয়েছেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলে জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাহফুজুর রহমান।
