২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: ফেনীর ২ পৌরসভা অবরুদ্ধ

করোনাভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে ফেনীর দুইটি পৌরসভাসহ আটটি এলাকাকে ‘লকডাউন’ করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 06:45 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

শুক্রবার সকাল থেকে ছাগলনাইয়া ও দাগনভূইয়া পৌরসভা এলাকা ছাড়াও দাগনভূইয়া উপজেলার রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়ন লকডাউন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ফেনী শহরের ডাক্তারপাড়া, শান্তি কোম্পানী ও রামপুর এলাকা লকডাউন করা হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ফেনী শহরের তিনটিসহ পুরো জেলার আটটি এলাকা লকডাউনের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেই অনুযায়ী প্রশাসক ফেনী পৌর এলাকায় বৃহস্পতিবার থেকে এবং ছাগলনাইয়া ও দাগনভূইয়া উপজেলার চিহ্নিত এলাকাগুলো শুক্রবার থেকে লকডাউন কার্যকর করেছে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, ফেনী পৌরসভার ডাক্তারপাড়া (১০ নম্বর ওয়ার্ড, শান্তি কোম্পানি (১১ ও ১২ নম্বর ওয়ার্ড), রামপুর (১৬ নম্বর ওয়ার্ড) এলাকায় করোনা সংক্রমণের হার উদ্বেগজনক। এজন্য করোনাভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করায় বৃহস্পতিবার সকাল থেকে ওইসব এলাকায় লকডাউন কার্যকর করা হয়েছে।

“এ লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।”

তবে জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনের সড়ক ১০ নম্বর ওয়ার্ডের উকিল নুরুজ্জামান সড়কটি ‘লকডাউন’ এর আওতামুক্ত রয়েছে।

এদিকে ছাগলনাইয়া পৌরসভাকে লকডাউন ঘোষণা করে পৌর মেয়র মো. মোস্তফা বিজ্ঞপ্তি জারি করলেও শুক্রবার কোথাও কোনো লকডাউনের চিত্র দেখা যায়নি। সড়কে কোনো প্রতিবন্ধকতা ছিল না। 

অপরদিকে, দাগনভূইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান জানান, শুক্রবার সকাল থেকে দাগনভূইয়া পৌরসভা, রাজাপুর, পূর্বচন্দ্রপুর ও ইয়াকুবপুর ইউনিয়ন লকডাউন করা হয়েছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার পৌরসভা এলাকাসহ ওই তিন ইউনিয়নের কোথাও কোনো ব্যরিকেড দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। লকডাউনের কোনো চিত্র কোথাও দেখাও যায়নি। এসব এলাকায় অবাধে মানুষ চলাচল করছে।

দাগনভূইয়ার পূর্বচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যানের মাসুদ রায়হান জানান, লকডাউন বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫ সদস্যের কমিটি করা হয়েছে। তবে কোথাও কোন প্রতিবন্ধকতা বেষ্টনি করা হয়নি।

ফেনী জেলায় শুক্রবার পর্যন্ত জেলায় ৪১১ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ফেনী সদর উপজেলার ১৫৪ জনের মধ্যে পৌর এলাকাতেই ১১১ জন শনাক্ত হয়েছে। এছাড়া  দাগভূঞায় ১০৮ জন ও ছাগলনাইয়ায় ৬২ জন শনাক্ত হয়েছে।