২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ‘সুদের টাকা’ নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মুক্তিযোদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সুদের টাকা পরিশোধ নিয়ে দুদলের সংঘর্ষের মধ্যে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন; অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2020, 06:07 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

শুক্রবার পশারগাতী ইউনিয়নের কাওয়ালদিয়া গ্রামে এ সংঘর্ষ হয় বলে মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান।

নিহত সাহেব আলী খন্দকার (৬০) কওয়ালদিয়া গ্রামের খুররম আলী খন্দকারের ছেলে।

আহতদের মধ্যে সাহিদুল শেখ, মোফা শেখ, জসিম মোল্যা, লিয়াকত মোল্যা, পান্নু মোল্যা, বরকত মোল্যা, নওশের শেখ, আব্দুল মালেক শেখ, জাফিম মোল্যা ও সুজন শেখকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পশারগাতী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু রাসেল শিমুল জানান, গ্রামের তৈয়ব আলী মুন্সী ২৫ হাজার টাকা একই গ্রামের জালাল মোল্লার কাছে সুদে লগ্নি করেন। এছাড়া জালাল এলাকার আরও কয়েকজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে দিতে পারেননি।

তিনি জানান, এ নিয়ে সুদের কারবারিরা শালিস বৈঠক বসালে জালালের বোন এক লাখ টাকা পাওনাদারদের ভাগ করে দিতে দেন গ্রামের মাতবরদের হাতে। এই এক লাখ টাকা ভাগ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকারের ওপর। তিনি ওই টাকা পাওনাদারদের ভাগ করে দেন।   

“শুক্রবার সকালে পাওনাদার তৈয়ব আলী মুন্সী কম টাকা পেয়েছেন অভিযোগ এনে জালালের কাছে আরও টাকা দাবি করেন। এ নিয়ে গ্রামের দুই পাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।”

আবু রাসেল বলেন, সংগর্ষ চলাকালে মুক্তিযোদ্ধা সাহেব আলী  খন্দকার পড়ে গেলে অন্য আহতদের সঙ্গে তাকে মুকসুদপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে তিনি ক কারণে মারা গেছেন তা পুলিশ কিংবা চিকিৎসক বলতে পারছেন না।   

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোমিন-উল হাবিব বলেন, ঘটনাস্থল থেকে ১১ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সাহেব আলী মারা গেছেন।

“তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”

অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই চিকিৎসক।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে সুদের কারবারের টাকা নিয়ে শালিস মীমাংসা করা হয়। এ নিয়ে একপকআষ সন্তুষ্ট না হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ওসি বলেন, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।