গোপালগঞ্জে নারীর লাশ দাফন করল পুলিশ
গোপালগঞ্জে এক নারীর মৃত্যুর পর গ্রামবাসী এগিয়ে না আসায় পুলিশের সহযোগিতায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার কাশিয়ানী উপজেলার বলুগ্রামের মানুষ ওই নারীর লাশ দাফনেও বাধা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান পরিবারের বরাতে বলেন, ৪০ বছরের এই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। সাতক্ষীরায় তার শ্বশুরবাড়ি। বৃহস্পতিবার বিকেলে বলুগ্রামে বাবার বাড়িতে মার যান তিনি। করোনাভাইরাসের আতঙ্কে স্বজনরা দাফন করতে এগিয়ে আসেনি। এছাড়া গ্রামবাসী এলাকায় লাশ দাফনে বাধা দেয় বলে অভিযোগ আসে পুলিশের কাছে।
ওসি বলেন, পরে এএসআই আসাদুজ্জামামাসহ পুলিশ সদস্যরা গিয়ে বলুগ্রামেই কবরস্থানে লাশ দাফন করেন। পরিবার থেকে দাফনে ওই নারীর স্বামী ও ভাই অংশ নেন।
মহামারীর মধ্যে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
