পদ্মাসেতুর ৩১তম স্প্যান স্থাপন, ৪৬৫০ মিটার দৃশ্যমান
পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসার মধ্য দিয়ে চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে।
বুধবার বিকাল ৪টা ৫ মিনিটে জাজিরা প্রান্তের ২৫ ও ২৬ নম্বর খুঁটির ওপর জাজিরা প্রান্তের সর্বশেষ স্প্যান স্থাপন করা হয়।
এখন বাকি রইল মাওয়া প্রান্তের আর মাত্র ১০টি স্প্যান। ওই ১০টি স্প্যানে দেড় কিলোমিটার দৃশ্যমান হলে পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হবে; দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার।
অল্প সময়ের মধ্যে চলতি বর্ষায় এই স্প্যানগুলো বসে যাবে বলে দায়িত্বীল প্রকৌশলারা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার মোহাম্মদ ফয়সাল জানান, এই স্প্যান বসানোর জন্য সকাল ১০টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকল ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়। প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর নৌ চলাচল চালু করে দেওয়া হয়। এখন ১৩টি ফেরি চলাচল করছে।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর হিলাল উদ্দিন জানান, ঘাটে শতাধিক যান রয়েছে পারাপারে অপেক্ষায়। এখন স্বাভাবিক পারাপার চলছে।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, করোনাভাইরাসের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। ৩১তম স্প্যানটি ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। নদীর স্রোতে আর চ্যানেলের মুখে এটি স্থাপন করতে বন্ধ রাখতে হয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট।
“ঝুঁকিপূর্ণ এ স্প্যানটি সফলভাবে বসাতে পারায় এখন আর তেমন কোনো জটিলতা থাকল না। মাওয়া প্রান্তের বাকি ১০টি স্প্যান বসাতে তেমন বেগ পেতে হবে না। এ বর্ষায়ই এ ১০টি স্প্যান বসানো সম্ভব হবে ইনশাল্লাহ।”
আব্দুল কাদের জানান, নৌপথ বন্ধ করার আগেই সকাল ৮টা ৪৫ মিনিটে ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটিকে মাওয়ার কুমারভোগের বিষেশায়িত কারখানা থেকে নিয়ে রওয়ানা দেয় তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ভাসমান জাহাজ। ভাসমান ক্রেন ‘তিয়ান ই’-কে নিয়ে নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় জাহাজ।
“এর আগে গত ৩১ মে জাজিরা প্রান্তের ২৬ ও ২৭ নম্বর খুঁটির ওপর সেতুর ৩০তম স্প্যান উপর বসানো হয়। তখন সেতুর ৪৫০০ মিটার বা সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান হয়। আর এই ৩১তম স্প্যান বসে যাওয়ার মধ্যে পদ্মা সেতু দৃশ্যমান হলো চার হাজার ৬৫০ মিটার।”
সেতু কর্তৃপক্ষ জানায়, মূল সেতুর কাজের প্রায় ৮৭ ভাগ শেষ হয়েছে। নদী শাসনের কাজের অগ্রগতি হয়েছে ৭১ ভাগ।
সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব এবং দুই হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। বর্তমানে রেলওয়ে স্ল্যাব বসেছে ১১০৫টি ও রোডওয়ে স্ল্যাব বসেছে ৬৩০টি।
প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের আরও জানান, ৩১তম স্প্যানটি ১১ জুন বৃহস্পতিবার বসানোর পরিকল্পনা ছিল। কিন্তু ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত অবহাওয়া খারাপ থাকার আশঙ্কা করা হচ্ছিল। তাই একদিন আগে ১০ জুন বুধবার এটি বসানোর পরিকল্পা করা হয়।
তিনি বলেন, এটি জাজিরা ও মাওয়া প্রান্তের সংযোগ স্থল। যেখানে একটি নৌ চ্যানেল দিয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল করে। এ চ্যানেল দিয়ে এসকল নৌযান চলাচল করলে স্প্যানটি পিলালের উপর বসাতে মারত্মক ঝুঁকি থেকে যায়। তাই নৌযান বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। জনসাধারণকে অনুরোধ করা হয়েছিল বুধবার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট পরিহার করে ঢাকা-পাটুরিয়া-ভাংগা রুট ব্যবহার করার জন্য।
“আমাদের অনুরোধে সারা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নৌ-পথ বন্ধ রাখায় ৩১তম স্প্যানটি পিলারের উপর বসাতে তেমন বেগ পেতে হয়নি।”
তিনি বলেন, অনেক দূর থেকে তাকালে মনে হয় সরু চুলের মতো একটা লম্বা একটা রেখা নদীর উপর এপাশ থেকে ওপাশ চলে গেছে। মধ্যখানে শুধু একটা স্প্যানের বিরতি। জাজিরা পাড়ে টানা বসানো আছে ১৬টি স্প্যান, মাঝের একটির বিরতির পর মাঝনদীতে আবারও টানা বসানো আছে ১২টি। ১৬ এবং ১২ স্প্যানের মাঝে এই ৩১তম স্প্যানটি বসে একসাথে ২৯ স্প্যান যুক্ত হয়েছে এখন।
যেভাবে বসানো হয় ৩১তম স্প্যান
প্রকৌশলী কাদের বলেন, মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে সাড়ে তিন কিলোমিটার দূরত্বে রওয়ানা দেয় ভাসমান ক্রেনটি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরনোর পর আবার ক্রেন আটকে যায় নদীর তলদেশের পলিতে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর ১টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা। এরপর শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। ইঞ্চি ইঞ্চি মেপে এটিকে ভাসমান ক্রেনের সাহায্যে বসিয়ে দেওয়া হয় ২৫ ও ২৬ নং পিলালের ওপর।
৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যরে সেতুটি দ্বিতল হবে, যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। সেতুর এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব প্রায় ১৫০ মিটার। একেকটি খুঁটি ৫০ হাজার টন লোড নিতে সক্ষম। নিজস্ব অর্থায়নে ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’।
